ছেলে হাই প্রোফাইল একটি মামলার আসামি। তার হয়ে আদালতে আইনি লড়াই করতে আইন শিখেছেন ৯০ বছরের চীনা এক মা। দৃঢ়চেতা এ নারীর ঘটনাটি আলোড়ন তুলেছে অনলাইনে।
এনডিটিভি রবিবার জানায়, হি ডাকনামের ওই নারী তার ৫৭ বছর বয়সী ছেলে লিনের পক্ষে লড়ছেন। ২০২৩ সালের এপ্রিলে হুয়াং নামের স্থানীয় এক উদ্যোক্তার কাছে ১১ কোটি ৭০ লাখ ইউয়ান জোর করে আদায়ের মামলার আসামি লিন।
ঝেজিয়াং প্রদেশের ঝাউশান মিউনিসিপ্যাল ইন্টারমিডিয়েট কোর্টে মামলাটি চলছে। সেখানে সন্তানের প্রতিনিধিত্ব করছেন হি। এ মামলায় সর্বশেষ শুনানি হয় গত ৩০ জুলাই।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এসসিএমপির প্রতিবেদনে জানানো হয়, গত বছর আইন নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন হি। বয়সের কারণে তার এ সিদ্ধান্তের বিরোধিতা করে পরিবার, তবে নাছোড়বান্দা হি তার প্রস্তুতি শুরু করেন।
এ নারীর নাতনি এসসিএমপিকে জানান, তার দাদি ফৌজদারি আদালত ও ফৌজদারি কার্যবিধির বই কেনেন। এসব বই ও জার্নাল পড়ার পাশাপাশি তিনি প্রতিদিন আদালতে গিয়ে সংশ্লিষ্ট মামলার দলিলগুলো দেখতেন।
মামলার বিষয় কী
হুয়াংয়ের সঙ্গে গ্যাস উৎপাদন ব্যবসা করতেন লিন। ২০০৯ সালে চীনের শীর্ষ ১০০ ধনী ব্যক্তির একজন ছিলেন হুয়াং। তা সত্ত্বেও তিনি লিনের পাওনা অর্থ পরিশোধে দেরি করতেন।
অর্থ প্রাপ্তিতে এ বিলম্বের ফলে লিনের কারখানায় উৎপাদন সাময়িক বন্ধ রাখতে হয়। এতে তার মারাত্মক আর্থিক ক্ষতি হয়।
এ ঘটনার জেরে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে হুয়াংয়ের ব্যবসায়িক অনিয়মের কথা কর সংস্থাগুলোকে জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে ১১৭ মিলিয়ন ডলার হাতিয়ে নেন লিন ও তার কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট।
এ ঘটনায় ২০২৩ সালের শুরুতে পুলিশের কাছে জোর করে অর্থ আদায়ের অভিযোগ করেন হুয়াং।
মামলায় হাতকড়া পরিয়ে লিনকে আদালতকক্ষে নিয়ে যেতে দেখে দমবন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় হির। তিনি কান্নায় ভেঙে পড়েন।
এসসিএমপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছেলের ওই দৃশ্য দেখার কয়েক ঘণ্টা পর হি অস্বস্তির কথা জানান। সে সময় আদালত চিকিৎসক ডাকেন।
চিকিৎসক এসে হিকে হাসপাতালে যাওয়ার কথা বললেও ছেলের পাশে থাকতে তিনি আদালত ছেড়ে যাননি।