প্রতিবেশীর বাসায় মজা করে ধাক্কা দিয়েছিল টেক্সাসের ১০ বছরের এক বালক, কিন্তু সেই মজাই কাল হয়ে দাঁড়ায় তার জন্য। সেখানকার এক বাসিন্দা শিশুটিকে করে গুলি। এতে গুরুতর আহত হয় সে।
পুলিশের বরাতে এসব তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
হিউস্টন পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র শেই অ্যাওয়োসিয়ান রবিবার এবিসি নিউজকে জানান, দক্ষিণপূর্ব হিউস্টনের মেমব্রো স্ট্রিটের একটি বাড়িতে শনিবার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে।
এ কর্মকর্তা জানান, ১০ বছরের বালকটি দৃশ্যত প্রতিবেশীর দরজায় ধাক্কা দিচ্ছিল। সে সময় কেউ একজন দৃশ্যত গুলি ছোড়েন।
তিনি আরও জানান, গুলি ছোড়ার ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
অ্যাওয়োসিয়ান জানান, বন্ধুদের সঙ্গে মজা করতে যাওয়া শিশুটিকে ঘটনাস্থলে চিকিৎসা দেয় হিউস্টন ফায়ার ডিপার্টমেন্টে কর্মরত চিকিৎসকরা। পরে তাকে নেওয়া হয় নিকটস্থ হাসপাতালে। সেখানে রবিবার দুপুরের পর তার অবস্থা গুরুতর ছিল।
ঘটনার তদন্ত চলছে, তবে পুলিশ বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
হিউস্টনে যে মজা বা প্র্যাঙ্ক করা হয়, তার সঙ্গে দেশজুড়ে চলমান ‘ডোর নকিং চ্যালেঞ্জ’ প্রবণতার মিল রয়েছে। এর অংশ হিসেবে একদল শিশু বাসাবাড়িতে গিয়ে দরজায় ধাক্কা ও লাথি দিয়ে ভিডিও করে টিকটকের মতো সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে প্রকাশ করে।
চলতি বছরের জুলাইয়ে টেক্সাসের ফ্রিসকো এলাকার একটি বাড়ির মালিকের বিরুদ্ধে পলায়নরত গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার অভিযোগ পাওয়া যায়। এর আগে কেউ একজন ওই ব্যক্তির বাড়ির সামনের দরজায় ধাক্কা দেন।