চলতি বছর ওয়েস্ট নাইল ভাইরাসে প্রথম মানব সংক্রমণের খবর জানিয়েছে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট।
আইউইটনেস নিউজ শুক্রবার জানায়, কুইন্সের দুজন বাসিন্দা এ মৌসুমে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে হেলথ ডিপার্টমেন্ট।
আক্রান্তদের মধ্যে একজন স্বল্প সময়ের জন্য হাসপাতালে ছিলেন। অন্যজন মস্তিষ্কের সংক্রমণ এনকেফ্যালাইটিস নিয়ে হাসপাতালে রয়েছেন।
দুই ব্যক্তির দেওয়া রক্ত থেকে দুজনের মধ্যে ভাইরাসের সংক্রমণ হয়। রক্তদাতা দুজনের একজন ব্রুকলিন ও অপরজন স্ট্যাটেন আইল্যান্ডের বাসিন্দা।
নিউ ইয়র্ক সিটির পাঁচ বোরোর সবগুলোতে মশার অস্তিত্ব থাকা আবদ্ধ পানিতে জুলাই থেকে ভাইরাসটি পাওয়া যায়।
মশা বিস্তারের ঝুঁকি কমাতে সিটির বিভিন্ন এলাকায় নিয়মিত স্প্রে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
তাদের ভাষ্য, নিউ ইয়র্ক সিটিতে সাধারণত মে থেকে অক্টোবরের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত মশা পাওয়া যায়। আগস্ট ও সেপ্টেম্বরে এ মশার বিস্তার সবচেয়ে বেশি হয়।
ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ মানুষের মধ্যে লক্ষণ দেখা যায় না। ৫৫ বছরের বেশি বয়সী ও দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকা লোকজনের জন্য ভাইরাসটি বিপজ্জনক হতে পারে।
আক্রান্তদের মধ্যে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা ও বমি।