প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি।
আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার বিকেলে সিটির একটি আবাসন নির্মাণ প্রকল্প পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে প্রস্তাব দিতে হোয়াইট হাউসে যান তিনি।
সিটি হল কর্তৃপক্ষ জানায়, মামদানির প্রস্তাবটি হলো সিটিতে একসঙ্গে ১২০০০ হাজার আবাসন ইউনিট নির্মাণের প্রকল্প। প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রকল্পে সম্মত হলে, এটি হবে বিগত ৫০ বছরের মধ্যে সিটির আবাসন খাতে সবচেয়ে বড় ফেডারেল বিনিয়োগ।
ট্রাম্পের সঙ্গে হঠাৎ এ সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে আশার কথা জানিয়েছেন মামদানি।
মেয়র জানান, ট্রাম্পের সঙ্গে এ বৈঠক ফলপ্রসূ ছিল। এখন তিনি সিটির জন্য আরও আবাসন নির্মাণের অপেক্ষায় আছেন।
মামদানি আরও জানান, বৈঠকে ফেডারেল কর্মকর্তা কর্তৃক কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী আটক হওয়ার বিষয়েও কথা হয়েছে।
মামদানির কথায় সাড়া দিয়ে শিক্ষার্থীদের মুক্তি দিতে সম্মত হন ট্রাম্প।
একসময় মুসলিম ধর্মাবলম্বী ও ডেমোক্র্যাট নেতা মামদানির সরাসরি বিরোধিতা করেছেন ট্রাম্প। মামদানিকে দেশছাড়া করার হুমকি দিতেও থামেননি তিনি।
তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সময় মামদানির প্রশংসা করতে দেখা গেছে ট্রাম্পকে।
কয়েকদিন আগে কংগ্রেসে যৌথ অধিবেশনের বক্তব্যে মামদানিকে ভালো মানুষ বলেও অভিহিত করেন ট্রাম্প।