Skip to main content

ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট

টিবিএন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩ ২০২৬, ১৬:২১ হালনাগাদ: এপ্রিল ২৩ ২০২৬, ১৮:০৪

পশ্চিমবঙ্গের দুটি ভোটকেন্দ্রে ভোটারদের অংশগ্রহণের চিত্র। কোলাজ: টিবিএন

পশ্চিমবঙ্গের দুটি ভোটকেন্দ্রে ভোটারদের অংশগ্রহণের চিত্র। কোলাজ: টিবিএন

  • 0

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৯১ দশমিক ৬৮ শতাংশ এবং তামিলনাড়ুতে ভোট পড়েছে ৮৪ দশমিক ৬০ শতাংশ। আগামী ৪ মে দুই রাজ্যের ভোট গণনা শুরুর পর ফলাফল ঘোষণা করা হবে।

রেকর্ড পরিমাণ ভোট পড়ার মধ্য দিয়ে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ।

উভয় রাজ্যে সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পশ্চিমবঙ্গের নির্বাচনী এ লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দী দুই দল তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি-বিজেপি ছাড়াও অংশ নেয় একাধিক রাজনৈতিক দল।

রাজ্যের নির্ধারিত ২৯৪টি আসনের মধ্যে আজ ১৫২টি আসনে জনপ্রতিনিধিদের ভোট দেন ভোটাররা।

বাকি আসনগুলোতে জনপ্রতিনিধি নির্বাচনে ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজ্যটিতে ২৯৪টি আসনের ভিতর সংখ্যাগরিষ্ঠ ১৪৮টি আসনে জয়ী হতে পারলে পুনরায় সরকার গঠন করতে পারবে বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

অপর দিকে প্রধান বিরোধী দল বিজেপি জয়ী হলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।

এদিকে, তামিলনাড়ু রাজ্যে নির্ধারিত ২৩৪টি আসনে একই দিনে ভোট সম্পন্ন হয়েছে।

রাজ্যটিতে প্রধান প্রতিদ্বন্দী দল হিসেবে লড়াই করছে বর্তমান ক্ষমতাসীন জোটের প্রধান দল ডিএমকে ও প্রধান বিরোধী শক্তি এআইডিএমকে।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৯১ দশমিক ৬৮ শতাংশ এবং তামিলনাড়ুতে ভোট পড়েছে ৮৪ দশমিক ৬০ শতাংশ।

আগামী ৪ মে দুই রাজ্যের ভোট গণনা শুরুর পর ফলাফল ঘোষণা করা হবে।