চীনের গুপ্তচরের সঙ্গে আমেরিকার গুরুত্বপূর্ণ এআই ও চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংর সম্পর্কের অভিযোগে বিতর্ক শুরুর পর হুয়াংকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (৮ নভেম্বর) অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করলে হুয়াং সম্পর্কে এ মন্তব্য করেন তিনি। তবে গুপ্তচরের সঙ্গে সম্পর্ক এবং চীনে তথ্য সরবরাহ করা নিয়ে তার সঙ্গে এখন পর্যন্ত কথা হয়নি বলেন জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি এ বিষয়ে তার সঙ্গে কথা বলিনি। আমি শুধু জানি, তিনি একজন ভালো মানুষ। তবে ভেতরে কী ঘটছে, তা তো কেউ জানে না। আশা করি, সবকিছু ঠিক আছে।’
হুয়াং সম্পর্কে নিজের ইতিবাচক অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, ‘তিনি একজন সম্মানিত ব্যক্তি। আমেরিকার জন্য অসাধারণ কাজ করেছেন তিনি।‘
অভিযোগ প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয়, এ বিষয়ে তার ব্যাখ্যা থাকতে পারে। সেটি শুনতে হবে।’
আগামী সপ্তাহে এশিয়া সফরে হুয়াংকে সঙ্গে নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে অবশ্যই তকে সঙ্গে নেব।’
সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, চীনের এক ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই ব্যবসায়ী মূলত বেইজিংয়ের গুপ্তচর হিসেবে তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সামনে আসার পর হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এনভিডিয়া।
একইসঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন হুয়াং। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে মন্তব্য করেননি তিনি।