ট্রাম্পের ‘বিউটিফুল’ বিলে রিপাবলিকানদের বাগড়া

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৬ ২০২৫, ১৭:৪৩ হালনাগাদ: ডিসেম্বর ২৮ ২০২৫, ১১:০০

ক্যাপিটলে গত ৬ মে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হাউসের স্পিকার মাইক জনসন।  ছবি: এপি

ক্যাপিটলে গত ৬ মে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হাউসের স্পিকার মাইক জনসন। ছবি: এপি

  • 0

খোদ দলীয় কয়েকজন আইনপ্রণেতা ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেওয়ায় বাজেট কমিটির মাধ্যমে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি হাউসে সংখ্যাগরিষ্ঠ দলটি।

কর অব্যাহতি ও ব্যয় কমানোর একটি বিল শুক্রবার হাউসে পাস করাতে ব্যর্থ হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পাার্টি।

খোদ দলীয় অল্প কয়েকজন আইনপ্রণেতা ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেওয়ায় বাজেট কমিটির মাধ্যমে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি হাউসে সংখ্যাগরিষ্ঠ দলটি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে জানানো হয়, কট্টর ডানপন্থি কয়েকজন আইনপ্রণেতা মেডিকএইড কর্মসূচিতে ব্যাপক ব্যয় হ্রাস এবং জো বাইডেনের সময়কার পরিবেশবান্ধব জ্বালানিতে কর অব্যাহতির সিদ্ধান্তে বদলের পাশাপাশি বেশ কিছু পরিবর্তনের জন্য তাগিদ দিচ্ছেন। এসব চাওয়া পূরণ হলেই তারা ডনাল্ড ট্রাম্পের ‘বিউটিফুল’ (সুন্দর) বিলে সমর্থন দেবেন বলে জানিয়েছেন।

এসব আইনপ্রণেতার ভাষ্য, শুধু কর হ্রাস দেশের ৩৬ বিলিয়ন ডলার ঋণের ওপর বোঝা আরও বাড়াবে।

টেক্সাসের রেপ্রেজেন্টেটিভ চিপ রয় বলেন, ‘কিছু বিষয়ে পরিবর্তন দরকার। নতুবা আপনি (রিপাবলিকান) আমার সমর্থন পাচ্ছেন না।’

এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুরুত্বপূর্ণ একটি সময়ে এসে টালমাটাল অবস্থায় পড়ল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামের বিলটি।

হাউসে এর পক্ষে ১৬টি ভোট পড়লেও বিপক্ষে অবস্থান নেন ২১ জন আইনপ্রণেতা।

সংবাদমাধ্যমটি আরও জানায়, কর অব্যাহতির ফলে সৃষ্ট বাড়তি ব্যয়ের সঙ্গে সঙ্গতি রাখতে মেডিকএইড ও অন্য কর্মসূচিগুলোতে বড় ধরনের ব্যয় হ্রাসের জন্য তাগিদ দিয়ে যাচ্ছেন রক্ষণশীলরা। একই সময়ে নিউ ইয়র্কসহ উচ্চ কর থাকা স্টেইটগুলোর আইনপ্রণেতারা ব্যাপক করছাড়ের দাবি জানাচ্ছেন।

বিলটির বিপক্ষে ভোট বেশি পড়ায় আগামী সপ্তাহে এর অনুমোদনের জন্য হাউস স্পিকার মাইক জনসনের চেষ্টায় আপাতত প্রতিবন্ধকতা সৃষ্টি হলো।