সম্প্রতি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তসলিমা নাসরিন ধর্মের স্বঘোষিত রক্ষকদের ভূমিকার সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, কোরআনের আয়াত খোদাই করা একটি পান্নার পেনডেন্ট পরায় আপত্তির কারণ কী? গলায় পেনডেন্ট পরলে সেটি স্বাভাবিকভাবেই বুকের কাছে থাকবে। তাহলে কারিনার পোশাকে শরীরের দৃশ্যমান অংশ নিয়েই কি আপত্তি?
পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার পেনডেন্ট পরা নিয়ে বিতর্কের মুখে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। কারিনাকে আইনি নোটিশ পাঠানো এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, অভিনেত্রীর ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। বরং ধর্মের নামে নারীর পোশাক ও শরীর নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা বন্ধ হওয়া উচিত।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এবিপি লাইভের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তসলিমা নাসরিন ধর্মের স্বঘোষিত রক্ষকদের ভূমিকার সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, কোরআনের আয়াত খোদাই করা একটি পান্নার পেনডেন্ট পরায় আপত্তির কারণ কী? গলায় পেনডেন্ট পরলে সেটি স্বাভাবিকভাবেই বুকের কাছে থাকবে। তাহলে কারিনার পোশাকে শরীরের দৃশ্যমান অংশ নিয়েই কি আপত্তি?
তসলিমা প্রশ্ন করেন, ‘আল্লাহ কি নারীর শরীর সৃষ্টি করেননি? নাকি শয়তান তা সৃষ্টি করেছে?’
তসলিমা নাসরিনের এক্স পোস্ট।
তিনি আরো লেখেন, পান্নার ওপর খোদাই করা অক্ষরের সম্মান আছে, অথচ একজন রক্তমাংসের নারীর সম্মান নেই—এ কেমন পবিত্রতার ধারণা?
তসলিমার মতে, ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, তবে সেই বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে দেওয়া যায় না। ধর্মের নামে নারীর পোশাক, গয়না ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ন্ত্রণ করা এবং ক্ষমা চাইতে বাধ্য করার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। কারিনার কাছে ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিতর্কের সূত্রপাত দীপাবলি উপলক্ষে কারিনা কাপুরের সামাজিকমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবি ঘিরে। ছবিতে অভিনেত্রীকে ৩০ ক্যারেটের একটি পান্নার পেনডেন্ট পরতে দেখা যায়। লকেটটিতে পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।
কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর পেনডেন্টটিকে ভোপালের সাবেক নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গয়না হিসেবে পরিচয় করিয়ে দেন। এটি কারিনার স্বামী সাইফ আলী খানের পারিবারিক সূত্রে এসেছে বলে জানান তিনি। সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে।
ছবি প্রকাশের পর মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা ও দলটির জাতীয় গণমাধ্যম সমন্বয়ক আব্বাস হাফিজ গত ১১ নভেম্বর কারিনা ও রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান। নোটিশে সামাজিকমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা ক্ষুণ্ন হয় এমনভাবে পেনডেন্টটি উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়।
তবে আব্বাস হাফিজ জানিয়েছেন, কারিনার পোশাক বা ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে তার আপত্তি নেই। তার আপত্তি কেবল পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেটটি যেভাবে ছবিতে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে। তিনি আরো স্পষ্ট করেছেন, ব্যক্তিগত অবস্থান থেকেই এ আইনি নোটিশ পাঠানো হয়েছে; এটি কংগ্রেস দলের পক্ষ থেকে দেওয়া হয়নি।
এদিকে বিতর্ক নিয়ে এখন পর্যন্ত কারিনা কাপুর খান ও রিয়া কাপুর প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।