প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার অ্যামেরিকান সেনা পাঠানো হবে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প তার পোস্টে বলেন, ‘পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট ক্যারোল নাভরোৎস্কির সফল নির্বাচনের ভিত্তিতে, যাকে সমর্থন করতে পেরে আমি গর্বিত এবং তার সঙ্গে আমাদের সম্পর্কের কারণে, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে অ্যামেরিকা সেখানে অতিরিক্ত ৫,০০০ সেনা পাঠাবে।’
এর আগে গত সপ্তাহে অ্যামেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, পোল্যান্ডে পাঠানোর কথা থাকা প্রায় ৪ হাজার ২০০ সদস্যের একটি মার্কিন আর্মি ব্রিগেডের মোতায়েন স্থগিত করা হয়েছে। যদিও ওই ইউনিটের সরঞ্জাম ইতিমধ্যে পোল্যান্ডে পৌঁছে গিয়েছিল এবং সেনারা কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছিল।
ওই সিদ্ধান্ত কার্যকর থাকলে পোল্যান্ডে অ্যামেরিকান সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যেত।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, এটি সেনা প্রত্যাহার নয়, বরং স্বাভাবিক বিলম্ব।
একই দিন পেন্টাগন জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পোল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং পোল্যান্ডে অ্যামেরিকার শক্তিশালী সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন।
পোল্যান্ডের এক কর্মকর্তা এবিসি নিউজকে বলেন, ওয়াশিংটনে কূটনৈতিক তৎপরতার ফলেই সেনা কমানোর পরিকল্পনায় পরিবর্তন এসেছে বলে তাদের ধারণা। তবে নতুন করে ঘোষিত ৫ হাজার সেনা কোথা থেকে আসবে—অ্যামেরিকা, জার্মানি নাকি ইউরোপের অন্য কোনো ঘাঁটি থেকে—তা এখনও পরিষ্কার নয়।
সাম্প্রতিক সময়ে ট্রাম্প ন্যাটোভুক্ত বিভিন্ন দেশ থেকে অ্যামেরিকান সেনা কমানোর ইঙ্গিত দিয়ে আসছিলেন। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে ইউরোপীয় মিত্রদের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।