ওভাল অফিসে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে বৈঠকের পর বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী চার বছরে অ্যামেরিকায় মোট ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল।
তিনি দায়িত্ব গ্রহণের পর অনেক প্রতিষ্ঠান অ্যামেরিকায় বিনিয়োগ করছে দাবি করে ট্রাম্প বলেন, এমনটি এর আগে কখনো দেখা যায়নি।
এ সময় কম্পিউটার চিপ এবং সেমিকনডাক্টর আমদানির ওপর ১০০ শতাংশ শুল্কারোপে ঘোষণা দেন তিনি। তবে, অ্যামেরিকায় পণ্য উৎপাদন করলে বা বিনিয়োগের প্রতিশ্রুতি দিলে এই শুল্ক থেকে রেহাই মিলবে বলে জানান ট্রাম্প।
পরে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বিশেষ দূত স্টিভ উইটকফের ইতিবাচক আলোচনা হয়েছে এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের অবসানের একটি পথ তৈরি হয়েছে।
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া-ইউক্রেইনের কোনো চুক্তিতে পৌঁছালে ভারতের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক বাতিল করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে আরো পদক্ষেপ নেয়া হবে বলেও, জানান ট্রাম্প।
অনুষ্ঠানে অ্যাপলের পক্ষ থেকে ট্রাম্পকে একটি উপহার দেন টিম কুক। যার একটি অংশ ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি বলে জানান তিনি।