বাহরাইনে মোতায়েন করা অ্যামেরিকান বাহিনীর একটি আর্লি-ওয়ার্নিং রাডার ধ্বংস করার দাবি করেছে ইরানের আই.আর.জি.সি। ইরানি গণমাধ্যম জানায়, হরমোযগান প্রদেশের সিরিকে, একটি যোগাযোগ স্থাপনায় হামলার জবাবে শুক্রবার এই পাল্টা আঘাত হানে আইআরজিসি।
সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইউএস বাহিনী বাহরাইনের দিকে ছোঁড়া আইআরজিসির দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে আর্লি-ওয়ার্নিং রাডার ধ্বংস বা আইআরজিসির হামলার দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি সেন্টকম।
অন্যদিকে হরমুয প্রণালীতে এদিন আইআরজিসি’র সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের সময় নৌ-মাইনের আঘাতে তরলীকৃত গ্যাসবাহী একটি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।
এর আগে বৃহস্পতিবার ইরানের ইরানের হরমোযগান প্রদেশের সিরিক অঞ্চলের যোগাযোগ স্থাপনায় হামলা করে ইউএস সেন্ট্রাল কমান্ড।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-এর তথ্য অনুযায়ী, ওই দিন শত্রুর বিমান বা আকাশপথে চালানো আগ্রাসনে সিরিক আক্রান্ত হয়, যার জবাবে পরবর্তীতে বাহরাইনে অবস্থিত অ্যামেরিকান বাহিনীর আর্লি-ওয়ার্নিং রাডার নিশানা করা হয়।