মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই স্টেট সেনেটর শেখ রহমান ও এমডি মাসুদুর রহমান।
শেখ রহমান জর্জিয়ার স্টেট সেনেটের ৫ নম্বর আসন থেকে এবং এমডি মাসুদুর রহমান কানেকটিকাটের ৪ নম্বর আসন থেকে পুনর্নির্বাচিত হয়েছেন।
জর্জিয়ার সেনেটের ৫ নম্বর আসনে শেখ রহমানের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। প্রাথমিক ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৩৫ হাজার ১০১ ভোট। এর আগে গত ১৯ মে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলের মনোনয়ন নিশ্চিত করেন শেখ রহমান।
শেখ রহমানের পৈতৃক বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জে। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সেনেটর। ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে স্টেটের ৫ নম্বর সেনেট আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী লিসা ব্যাবেজকে প্রায় দ্বিগুণ ভোটে হারিয়ে চতুর্থবারের মতো সেনেটর নির্বাচিত হন।
এদিকে কানেকটিকাটের স্টেট সেনেটের ৪ নম্বর আসনে ডেমোক্র্যাট প্রার্থী এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে হারিয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তবে তিনি কত ভোট পেয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
এমডি মাসুদুর রহমানের বাড়ি বাংলাদেশের চাঁদপুরের হাজীগঞ্জে। ২০২২ সালে প্রথমবার কানেকটিকাটের স্টেট সেনেটর নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালের নির্বাচনে ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন।