প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প থিমের কয়েকটি রেস্তোরাঁ চালানো টেক্সাসের এক ব্যবসায়ীকে আটক করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস।
ডেইলি নিউজ জানায়, ‘ট্রাম্প বার্গার’ নামের রেস্তোরাঁর মালিক রোল্যান্ড বিয়ানি ২০১৯ সালে নন-ইমিগ্র্যান্ট হিসেবে অ্যামেরিকায় প্রবেশ করেন। তাকে ২০২৪ সালের ফেব্রুয়ারি নাগাদ অ্যামেরিকায় থাকার সুযোগ দেওয়া হয়।
আইস কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লেবানন থেকে আসা ২৮ বছর বয়সী বিয়ানিকে চলতি বছরের মে মাসে গ্রেপ্তার করা হয়। জুনে মুচলেকায় মুক্তি দিয়ে তাকে অ্যামেরিকায় থাকা কিংবা বিতাড়নের আইনি প্রক্রিয়ায় রাখা হয়।
বিয়ানির রেস্তোরাঁগুলোর সঙ্গে প্রেসিডেন্ট বা ট্রাম্প অর্গেনাইজেশনের কোনো সম্পর্ক নেই। যদিও রেস্তোরাঁ চেইনটি অনলাইনে পোস্ট করা ছবিতে ৭৯ বছর বয়সী ফাস্ট ফুডপ্রিয় প্রেসিডেন্টের ছবিকে কাজে লাগিয়েছে।
ডেইলি নিউজকে পাঠানো বিবৃতিতে আইসের পক্ষ থেকে জানানো হয়, অসত্য দাবি ছাড়াও রোল্যান্ড মেহরেজ বিয়ানি এমন কোনো অভিবাসন সুবিধার আওতায় নেই, যা দিয়ে গ্রেপ্তার বা অ্যামেরিকা থেকে তার বিতাড়ন ঠেকানো যায়।
জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অ্যামেরিকায় প্রবেশে কড়াকড়ির পাশাপাশি অবৈধভাবে দেশে আসা লোকজনের বিতাড়নকে অগ্রাধিকারের শীর্ষে রেখেছেন ট্রাম্প।
বিয়ানির বিষয়ে আইসের পক্ষ থেকে বলা হয়, বর্তমান প্রশাসনের অধীনে অ্যামেরিকায় অবৈধভাবে প্রবেশ করা কিংবা নির্দিষ্ট মেয়াদের বাইরে থাকা সবাইকে দায়ী করে অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর আইস।
সংস্থাটির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আপনি যে রেস্তোরাঁর মালিক কিংবা রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসীই হোন না কেন, এটি আপনার ক্ষেত্রেও সত্য।’