তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রদর্শনী কম্পিউটেক্স ২০২৬। এবারের আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, আর আলোচনার শীর্ষে রয়েছে চিপ জায়ান্ট এনভিডিয়া এবং এর প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।
এরই মধ্যে এনভিডিয়া নতুন আরটিএক্স স্পার্ক চিপ উন্মোচন করেছে, যা সরাসরি ল্যাপটপ ও ডেস্কটপে এআই সক্ষমতা চালানোর জন্য তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডেল, এইচপি, লেনোভো, আসুস এবং এমএসআইয়ের মতো নির্মাতাদের ডিভাইসে ২০২৬ সালের শেষার্ধ থেকে এই প্রযুক্তি যুক্ত করা হবে।
গত সপ্তাহে জেনসেন হুয়াং ঘোষণা দেন, এনভিডিয়া বছরে প্রায় ১৫০ বিলিয়ন ডলার তাইওয়ানে বিনিয়োগ করবে। তার ভাষায়, “তাইওয়ানই এআই বিপ্লবের কেন্দ্রবিন্দু।” তিনি বলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপ, প্যাকেজিং প্রযুক্তি এবং এআই সুপারকম্পিউটার তৈরির বড় অংশ এখন তাইওয়ানকে ঘিরেই গড়ে উঠছে।
এবারের কম্পিউটেক্সে এএমডি, ইন্টেল, কোয়ালকম, আর্ম এবং মারভেলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৫০০ প্রদর্শক এবারের মেলায় অংশ নিচ্ছে, যা কম্পিউটেক্সের ইতিহাসে অন্যতম বৃহৎ আয়োজন।
বিশ্লেষকদের মতে, এআই–নির্ভর প্রযুক্তি শিল্পে তাইওয়ানের গুরুত্ব দ্রুত বাড়ছে। ফলে কম্পিউটেক্স ২০২৬ শুধু নতুন পণ্য উন্মোচনের মঞ্চ নয়, বরং বৈশ্বিক এআই প্রতিযোগিতার দিকনির্দেশনা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও দেখা হচ্ছে।