প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করেছে ইউএস সুপ্রিম কোর্ট।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্পের অর্থনৈতিক নীতিগুলোর মধ্যে অন্যতম এ সিদ্ধান্তটি শুক্রবার আদালতে ৬-৩ ভোটে বাতিল হয়।
আদালতে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন,’শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের আছে, প্রেসিডেন্টের নয়। যদিও শুল্কনীতি পররাষ্ট্র নীতির সঙ্গে জড়িত, তবে প্রেসিডেন্ট একতরফাভাবে শুলক আরোপ করতে পারেন না।’
গত বছর এপ্রিলে অ্যামেরিকার বাণিজ্য ঘাটতি উল্লেখ করে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেন ট্রাম্প।
ওই সময় জরুরি পরিস্থিতিকে কারণ হিসেবে উল্লেখ করে ট্রাম্প নিজে শুল্ক নীতি পরিবর্তন করেন।
পরে বৈশ্বিক শুল্ক নীতি অনুযায়ী সব দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প।
সেই সঙ্গে পারস্পরিক শুল্ক নীতি মেনে অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য ঘাটতি আছে এমন দেশের ওপর সমান সমান শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট।
ট্রাম্প প্রশাসনের দাবি, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট-আইইএফপিএ অনুযায়ী জরুরি অবস্থায় প্রেসিডেন্ট আমদানি নিয়ন্ত্রণ করতে পারেন।
তবে আদালতের রায়ে রবার্টস বলেন, ‘আমদানি নিয়ন্ত্রণ বলতে সীমাবদ্ধতা, লাইসেন্স, নিষেধাজ্ঞা সংক্রান্ত ক্ষমতা আছে কিন্তু শুল্ক শব্দটি পর্যন্ত নেই।’