নিউ জার্সি
তুষারঝড়ে প্রাণনাশের আশঙ্কা জানিয়ে জরুরি অবস্থা জারি শেরিলের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ০:১৭ হালনাগাদ: ফেব্রুয়ারি ২৩ ২০২৬, ২১:২৮

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। ছবি: রয়টার্স

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। ছবি: রয়টার্স

  • 0

এক বক্তব্যে শেরিল বলেন, ‘১৯৯৬ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে চলেছে। এ অবস্থাকে গুরুত্বের সাথে বিবেচনা করুন।'

নিউ জার্সিতে তুষারঝড়ে সম্ভাব্য প্রাণঘাতী ঝুঁকির কথা জানিয়ে জরুরি অবস্থা জারি করেছেন স্টেইট গভর্নর মিকি শেরিল।

একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় প্রত্যেক বাসিন্দাকে ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন গভর্নর।

এক বক্তব্যে শেরিল বলেন, ‘১৯৯৬ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে চলেছে।

‘এ অবস্থাকে গুরুত্বের সাথে বিবেচনা করুন। ঘরে অবস্থান করুন। বাইরে ভ্রমণ করবেন না।’

গত মাসে হয়ে যাওয়া তুষারঝড়ের কথা উল্লেখ করে শেরিল জানান, এবারের তুষারঝড় আরও ভিন্ন পর্যায়ের হতে চলেছে।

শেরিল বলেন, ‘জানুয়ারি মাসে প্রতি ঘণ্টায় প্রায় ১ ইঞ্চি বরফ জমা হয়েছিল। এবার তার চেয়ে আরও অনেক বেশি খারাপ অবস্থা হবে।’

স্টেট ইমার্জেন্সি কর্তৃপক্ষ জানায়, আদ্র, ভারী তুষারের সঙ্গে শক্তিশালী বাতাসের ফলে গাছ উপড়ে যাওয়া, তুষারের স্তুপ জমে যাওয়া, অস্বচ্ছ আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় স্টেইট জুড়ে মোতায়েন করা হয়েছে ঠিকাদার, বিদ্যুৎ কর্মী ও সংশ্লিষ্ট সহযোগী কর্মীদের।

ভ্রমণ ও যান চলাচলে সীমাবদ্ধতা

আইউইটনেস নিউজ জানায়, তুষারঝড়ের প্রভাবে রোববার বিকেল ৩টা থেকে নিউ জার্সির টার্নপাইক ছাড়া সব মহাসড়কে বন্ধ থাকবে বাণিজ্যিক যান চলাচল।

বাসিন্দাদের নিরাপদে ঘরে রাখতে সোমবার যাবতীয় কর্মপ্রতিষ্ঠান পরিচালিত হবে ঘর থেকে।

গভর্নর শেরিল বলেন,’এ ঝড় এত ভয়াবহ যে এসময় মানুষ ও কর্মীদের গণপরিবহনে রাখা ঠিক হবেনা।’

অস্থায়ী স্টেট পুলিশ সুপারিনটেনডেন্ট ডেভিড সিরোটা বলেন, স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার লেভেল ২ সতর্কতায় রয়েছে এবং সার্বক্ষণিক চালু থাকবে। উচ্চ চাকার যানবাহন ও স্নোমোবাইলসহ অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।

সিরোটা বলেন, ‘রাস্তা অপেক্ষা করতে পারে। আপনার জীবন পারে না।’