স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা তাদের বিখ্যাত ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কারকাজ সম্পন্ন করতে ৩০০ মিলিয়ন ইউরোর বন্ড ইস্যু চূড়ান্ত করেছে। ইউএস ডলারে এর পরিমাণ প্রায় ৩৩১.৭৭ মিলিয়ন ডলার। নির্মাণ ব্যয় বৃদ্ধি ও প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ায় বাড়তি অর্থায়নের প্রয়োজন হয়েছে ক্লাবটির।
শুক্রবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্টেডিয়ামের সংস্কারকাজের অর্থায়নে বন্ড ইস্যুর পুরো প্রক্রিয়া চূড়ান্ত করেছে বার্সেলোনা। এ লেনদেনে একমাত্র প্লেসমেন্ট এজেন্ট হিসেবে কাজ করেছে আমেরিকার বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। স্পেনের ন্যাশনাল সিকিউরিটিজ মার্কেট কমিশনও এ লেনদেনের অনুমোদন দিয়েছে।
এর পাশাপাশি ২১০ মিলিয়ন ইউরো বা প্রায় ২৩২.২৬ মিলিয়ন ডলারের সিনিয়র ঋণও নিশ্চিত করেছে ক্লাবটি। নির্মাণকাজে বিলম্বের কারণে সৃষ্ট অর্থপ্রবাহের ঘাটতি পূরণে এ অর্থায়ন ব্যবহার করা হবে।
মূল পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে ক্যাম্প ন্যুর সংস্কারকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে প্রকল্পের কাজ পিছিয়ে গেছে। বর্তমানে ২০২৮-২৯ মৌসুমের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে বার্সেলোনা।
ক্যাম্প ন্যু ইউরোপের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়াম। সংস্কারকাজ শেষ হলে স্টেডিয়ামটির ছাদ সম্প্রসারণের পাশাপাশি দর্শক ধারণক্ষমতা বাড়িয়ে প্রায় ১ লাখ ৫ হাজার করা হবে। নতুন ভিআইপি সুবিধা, জাদুঘরের পরিসর এবং আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থাও যুক্ত হবে।
প্রকল্পটি বার্সেলোনার দীর্ঘমেয়াদি আর্থিক ও ক্রীড়াবিষয়ক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।