ছেলে সন্তানের মা হয়েছেন মিডটাউন ম্যানহাটনের অফিস ভবনে গত মাসের শেষের দিকে বন্দুক হামলায় নিহত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির কর্মকর্তা দিদারুলের ইসলামের স্ত্রী।
আইউইটনেস নিউজ সোমবার জানায়, রবিবার সন্তান জন্মদান করেন এ নারী।
৩৪৫ পার্ক অ্যাভিনিউর ভবনটিতে গুলিতে নিহত চারজনের একজন ছিলেন দিদারুল। বন্দুক হামলার সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী।
এ দম্পতির আরও দুই সন্তান আছে।
নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, দিদারুলের স্ত্রীর প্রসব বেদনার সময় হাসপাতালে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
অ্যাডামস জানান, এনওয়াইপিডির প্রয়াত ডিটেকটিভ দিদারুলের পরিবারের পাশে সবসময় থাকবে সিটি কর্তৃপক্ষ। তারা মহান নগর নিউ ইয়র্ক পরিবারের সদস্য।
বাংলাদেশে জন্ম নেওয়া দিদারুল এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে কাজ করতেন। তিনি এ বাহিনীতে সাড়ে তিন বছর কাজ করেছেন।
এনওয়াইপিডির প্রথম বাংলাদেশি কর্মকর্তা হিসেবে চাকরিকালে প্রাণ হারান দিদারুল। তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয়।