বড় ধরনের বাজেট সংকট মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি কমিয়ে আনছে অ্যামেরিকান সেনাবাহিনী।
সংবাদমাধ্যম এবিসি নিউজের পর্যবেক্ষণ করা অভ্যন্তরীণ নথি এবং একাধিক সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে ওঠে এসেছে এ তথ্য।
প্রকাশিত তথ্য অনুযায়ী, আকস্মিকভাবে সামরিক বাহিনীতে ৪ থেকে ৬ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। এ ঘাটতি পূরণে প্রশিক্ষণ ব্যয় কমিয়ে আনা হবে।
ব্যয় কমাতে ইতোমধ্যে সেনাবাহিনীর প্রধান যুদ্ধ প্রকৌশল প্রশিক্ষণ কোর্স এবং একটি আর্টিলারি প্রশিক্ষণ কর্মসূচি হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটে ফ্লাইট ঘণ্টা ও বড় আকারের মহড়াও কমানো হচ্ছে।
বাজেট ঘাটতির কারণ হিসেবে জানা গেছে, দীর্ঘসময় ধরে চলা ইরান যুদ্ধ এবং দক্ষিণ অ্যামেরিকা সীমান্তে নিরাপত্তা বাড়াতে কার্যক্রম বৃদ্ধি করা।
একইসঙ্গে, দেশের অভ্যন্তরে ন্যাশনাল গার্ড বাহিনীর ব্যয়বহুল কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এ ঘাটতি তৈরি হয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, এই কাটছাঁটের ফলে ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি পুনর্গঠনে দীর্ঘ সময় লাগতে পারে এবং মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ক্যারিয়ার অগ্রগতিও ক্ষতিগ্রস্ত হতে পারে।