ইরানের ওপর চলমান সামরিক অভিযানে ৩জন অ্যামেরিকান সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
ইউএস সেন্ট্রাল কমান্ড-সেন্টকম রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে নিশ্চিত করেছে এ তথ্য।
ওই পোস্টে জানানো হয়, পহেলা মার্চ সকাল সাড়ে ৯টায় ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান পরিচালনার সময় ৩জন সেনা প্রাণ হারান। একই অভিযানে অংশ নেওয়া আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়াও বেশ কয়েকজন সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছেন, যাদের চিকিৎসার পর পুনরায় অভিযানে যুক্ত করা হবে।
কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর সংবাদ পরিবারকে অবগত করার ২৪ ঘণ্টা পর নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হবে।
ইরানের বিরুদ্ধে শনিবার বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তারপর থেকে ইসরায়েল-অ্যামেরিকার এ যৌথ অভিযানে দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, স্থাপনা ও সেনাবাহিনীর ওপর হামলা চলমান।
হামলার জবাবে ইসরায়েলসহ বিভিন্ন দেশে অবস্থিত অ্যামেরিকান ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।