পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে দেশটির শীর্ষ বিচারপতিদের কাছে জরুরি চিকিৎসার আবেদন করেছেন। চিকিৎসা না পেলে কারাগার থেকে জীবিত ফিরতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ জানিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা এক চিঠিতে এসব কথা বলেন ইমরান। তাঁর আইনজীবী সালমান সাফদার চিঠিটি প্রকাশ করেন।
চিঠিতে ৭৪ বছর বয়সী ইমরান জানান, কারাগারে দীর্ঘদিন একাকী বন্দি থাকায় তাঁর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হয়েছে। গত ১০ নভেম্বর তাঁর রক্তচাপ ১৯২ ও ১৯৩-তে পৌঁছেছিল বলে উল্লেখ করেন তিনি। চিকিৎসকেরা তাঁকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্রের জটিলতার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন বলেও দাবি করেন।
চিঠিতে ইমরান লেখেন, ‘৭৪ বছর বয়সে এই অব্যাহত পরিস্থিতি আমাকে এমন এক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না।’
স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ইমরানের দাবি, বুশরা বিবির চোখের রেটিনায় জটিলতা দেখা দেওয়ার পর অস্ত্রোপচার করা হলেও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি। বর্তমানে তাঁর দৃষ্টিশক্তি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন বলে চিঠিতে উল্লেখ করেন ইমরান।
কারাগারের পরিবেশ নিয়েও অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা। তাঁর দাবি, প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাঁকে নির্জন প্রকোষ্ঠে রাখা হচ্ছে। পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত। কারা কর্তৃপক্ষের মেডিকেল বোর্ড পরিবারের সঙ্গে আরও বেশি যোগাযোগের সুপারিশ করলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
গত ১৮ আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাঁকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি চোখের চিকিৎসার জন্য ইমরান খানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাঁকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
ইমরানের আইনজীবী সালমান সাফদার সম্প্রতি কারাগারে তাঁর সঙ্গে দেখা করেন। পরে পিটিআই নেতারা জানান, ইমরান ও বুশরা বিবি দুজনেরই স্বাস্থ্যগত সমস্যা রয়েছে এবং তাঁদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এ চিঠির বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।