ব্রঙ্কসে কৃষ্ণাঙ্গ সন্দেহভাজন নিহতের ঘটনায় রায়: এনওয়াইপিডি কর্মকর্তার কারাদণ্ড

টিবিএন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১০ ২০২৬, ১২:২৫ হালনাগাদ: এপ্রিল ১০ ২০২৬, ১৩:১৫

আদালতে বিচারকার্যের প্রতীকী চিত্র। গ্রাফিক্স: টিবিএন
- 0
ওই ঘটনার রায় চলাকালীন বিচারক গাই মিচেল বলেন, ‘ আমি বিশ্বাস করি এই শাস্তির আদেশ অপরাধীদের গ্রেপ্তারের সময় তাদের ওপর হামলা করতে অন্য কর্মকর্তাদের নিরুৎসাহিত করবে।‘
নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে মাদক অভিযান চলাকালীন কৃষ্ণাঙ্গ সন্দেহভাজনের দিকে বরফের বাক্স ছুঁড়ে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির সাবেক কর্মকর্তা এরিক ডুরানকে ৩ থেকে ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার অভিযুক্ত ডুরানের বিরুদ্ধে এ রায় জানানো হয়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে অভিযান চলাকালীন ডুরান কর্তৃক এরিক ডুপ্রে নামের ৩০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন।
ঘটনা চলাকালীন স্কুটারে করে পালানোর চেষ্টা করছিলেন ডুপ্রে। সন্দেহভাজনকে ধরতে তার দিকে বরফ রাখার বাক্স ছুঁড়ে মারেন ডুরান। বাক্সের আঘাতে ডুপ্রে গুরুতর আহত হন ও কিছুক্ষণ পর মারা যান।
ওই ঘটনার রায় চলাকালীন বিচারক গাই মিচেল বলেন, ‘ আমি বিশ্বাস করি এই শাস্তির আদেশ অপরাধীদের গ্রেপ্তারের সময় তাদের ওপর হামলা করতে অন্য কর্মকর্তাদের নিরুৎসাহিত করবে।‘
মিচেল আরও বলেন, ‘সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টা করায় ডুরান রেগে যান ও তার দিকে বরফের বাক্স ছুঁড়ে মারেন।‘
‘সন্দেহভাজনরা অনেক সময়ই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে তাদের পরে কিংবা অন্য কোনোদিন আটক করার সুযোগ আছে,’ যোগ করেন মিচেল।
তবে অভিযুক্তের আইনজীবির দাবি, ডুরানের আচরণটি বেপরোয়া হলেও, একটি অনিচ্ছাকৃত আড়াই সেকেন্ডের সিদ্ধান্তের জন্য কারাভোগ করতে পারেন না।
অভিযুক্তকে কারাদণ্ডাদেশ দেওয়ায় স্বস্তি জানিয়েছে নিহত এরিকের পরিবার। পাশাপাশি রায় ঘোষণার পর ডুপ্রের পরিবারের কাছে ক্ষমা চেয়ে মুক্তির প্রার্থনা জানান ডুরান।
তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান হারানোর ঘটনায় গভীরভাবে দুঃখিত কিন্তু এমনটা ঘটুক তা কখনও চাইনি। আমি আমার পরিবার, সন্তানদের জন্য একটি সুযোগ চাইছি।‘
এদিকে এনওয়াইপিডির কর্মকর্তাকে কারাদণ্ডাদেশের এ রায়ে শুরু হয়েছে মত বিভেদ।
বিচারকের এ রায়কে সাধুবাদ জানিয়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা।
ব্ল্যাক লাইভস ম্যাটার গ্রেটার এনওয়াই সংস্থার অধিকারকর্মী হক নিউজম বলেন, ‘যখন একজন পুলিশ কালো কিংবা বাদামি বর্ণের ব্যক্তিকে মারেন, তখন ন্যায়বিচার পাওয়া একটি বিরল ঘটনা। তবে আজ আমরা ব্রঙ্কসে সঠিক বিচারটি পেয়েছি।‘
অন্যদিকে পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে এ রায় অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে ভুল বার্তা বয়ে আনবে বলে প্রতিবাদ জানিয়েছে সার্জেন্ট ইউনিয়ন।
সার্জেন্টস বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ভিনসেন্ট ভ্যালেলং বলেন, ‘এ রায়ের ফলে যখন কেউ দায়িত্বশীল পদে আছেন এবং আপনাকে এক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, তখন প্রতিটি পুলিশ অফিসার সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে।‘
এর আগে ডুরানকে কারাদণ্ডাদেশ না দিতে আদালতে ১১০০০ হাজারের বেশি পুলিশ কর্মকর্তার সাক্ষরিত একটি আবেদন জমা দেওয়া হয়েছিল।
