ভ্রমণ ভিসায় অ্যামেরিকায় অবস্থানকালে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি কিংবা ক্রেডিট গ্রহণের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে অ্যামেরিকা।
ঢাকাস্থ অ্যামেরিকান দূতাবাসের ফেসবুক পেইজের এক বার্তায় রোববার এ নিষেধাজ্ঞা জানিয়ে সতর্ক করা হয়।
ওই বার্তায় বলা হয়, ‘বি১ বা বি২ ভ্রমণ ভিসায় অ্যামেরিকায় অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদান করে এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।‘
পরে হুঁশিয়ারি জানিয়ে বলা হয়, ‘অল্প সময়ের জন্য হলেও, অ্যামেরিকা ভিসার অননুমোদিত ব্যবহার, ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।‘
অ্যামেরিকার বি ১ ও বি ২ মূলত অ-অভিবাসী ভিসা হিসেবে পরিচিত।
এর মধ্যে বি ১ ভিসা ব্যবসায়িক কাজ, সম্মেলন কিংবা চুক্তি স্বাক্ষরের জন্য প্রযোজ্য।
আর বি ২ ভিসা ভ্রমণ, ছুটি কাটানো, চিকিৎসা সেবা ও আত্মীয়দের সঙ্গে দেখা করার কাজে প্রযোজ্য।