ফ্রান্সের উত্তরাঞ্চলীয় এভ্রেক্স শহরে একটি ওয়াইন বারের বাইরে ভিড়ের ওপর ইচ্ছাকৃতভাবে একটি গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষের মতে, শনিবার ভোর ৪টার দিকে প্যারিস থেকে প্রায় ৬০ মাইল পশ্চিমে নরম্যান্ডির এভ্রেক্স শহরে লা ওয়াইনারি নামে একটি বারের ভেতর ঝগড়ার জেরে এই ঘটনা ঘটানো হয়েছে।
দ্য গার্ডিয়ান জানায়, এ ঘটনায় পুলিশ দুজন পুরুষ এবং একজন নারীকে আটক করেছে। তবে চালক বা ক্ষতিগ্রস্তদের পরিচয় সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
স্থানীয় প্রসিকিউটর রেমি কৌটিন বলেন, ‘দুর্ভাগ্যবশত হতাহতের সংখ্যা অনেক বেশি। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’
কৌটিন জানান, এক তরুণী এবং বেশ কয়েকজন পুরুষের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপরেই একজন ব্যক্তি একটি গাড়ি আনতে যান। গাড়ি এনে তিনি ইচ্ছাকৃতভাবে দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেন।
এভ্রেক্সের মেয়র গাই লেফ্র্যান্ড সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘আজ সকালে আমি উইনস্টন চার্চিল অ্যাভিনিউতে লা ওয়াইনারির সামনে ঘটে যাওয়া একটি গুরুতর ঘটনার কথা জানতে পেরেছি। একটি তর্ক-বিতর্ক শুরু হয়, যার ফলে জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং একটি গাড়ি বেশ কয়েকজনকে ধাক্কা দেয়।’
লেফ্র্যান্ড ওয়াইন বারের ভেতরে প্রাথমিক ঝগড়ার সূত্রপাত কী কারণে হয়েছিল, তা জানাননি। তবে আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও গভীর সহানুভূতি প্রকাশ করেন।
মেয়র বিবৃতিতে জানান, তদন্তকারীরা আশেপাশের পরিস্থিতি সম্পর্কে তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন।