প্যালেস্টাইন অথরিটি’কে (পিএ) ২০২৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যেই প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ইউরোপের আটটি দেশ। রবিবার ফ্রান্স, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ক্যানাডা, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড এবং বৃটেইনের পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান।
এক যৌথ বিবৃতিতে তারা প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কর্তৃক পূর্ব ঘোষিত নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।
যৌথ বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেন, প্যালেস্টাইনে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২০ বছর পেরিয়ে গেছে। এই দীর্ঘ বিরতির পর নির্বাচন আয়োজন করা প্যালেস্টিনিয়ান নেতৃত্বের বৈধতা নবায়নের পাশাপাশি গাযায় প্যালেস্টাইন অথরিটির ফিরে আসা এবং সমগ্র প্যালেস্টাইন ভূখণ্ডে তাদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি।
বিবৃতিতে আরো বলা হয়, সংস্কার ও গণতান্ত্রিক নবায়নের প্রতিশ্রুতি রক্ষার শর্তে আটটি দেশ ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি তাদের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করছে। পাশাপাশি ইউরোপিয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে দেশগুলো।
ইউরোপিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘আমরা প্যালেস্টাইনের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের অংশীদারদের সাথে মিলে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অর্জনে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
গত মাসে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক ডিক্রি জারি করে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন একযোগে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেন। মূলত আইনসভা নির্বাচন ২৮ নভেম্বর এবং প্রেসিডেন্ট নির্বাচন ২০২৭ সালের শুরুতে হওয়ার কথা ছিল। এর আগে প্যালেস্টাইনে সর্বশেষ আইনসভা নির্বাচন হয়েছিল ২০০৬ সালে, যেখানে হামাস সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছিল।
আট দেশের এই উদ্বেগের জবাবে প্যালেস্টাইন অথরিটি (পিএ) জানিয়েছে, তারা নির্বাচন ও গণতন্ত্রকে শক্তিশালী করার প্রতিশ্রুতিতে অটল রয়েছে, তবে এই বিলম্বের জন্য দখলদার শক্তি ইযরায়েল দায়ী। এক বিবৃতিতে পিএ জানায়, নির্বাচন আগামী সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রতিশ্রুতি থেকে সরে আসা নয়; বরং প্যালেস্টিনিয়ান জনগণের মুখোমুখি হওয়া ব্যতিক্রমী পরিস্থিতি এবং পূর্ব জেরুযালেমসহ অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডজুড়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইযরায়েলের আরোপিত অব্যাহত বাধার ফল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ আরো অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাযা পরিকল্পনার পরবর্তী ধাপগুলো বাস্তবায়নে ইযরায়েল গড়িমসি করছে। ফলে অবরুদ্ধ উপত্যকাটিও নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত নয়। তবে প্রয়োজনীয় পরিবেশ তৈরি এবং প্রতিবন্ধকতা দূর হলে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন এগিয়ে আনতে প্রস্তুত বলে জানিয়েছে পিএ।
এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোকে বাধা অপসারণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্যালেস্টাইন অথরিটি।