ব্রঙ্কসে ইস্ট কিংসব্রিজ সড়কে একটি লাউঞ্জে দুই দলের ঝগড়া ও হাতাহাতির জেরে এক নারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, রবিবার ভোরে মামাডোরা নামের একটি লাউঞ্জে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লাউঞ্জ বন্ধের ঠিক আগ মুহূর্তে ভুক্তভোগী নারী ও তার বন্ধুরা অন্য একটি দলের সদস্যদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক সময় দুই পক্ষের ঝগড়া লাউঞ্জের বাহির পর্যন্ত ছড়িয়ে গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
ক্লোজ সার্কিট টেলিভিশন-সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকবিতণ্ডা শুরু হলে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছিলেন। এর মধ্যে হলুদ জ্যাকেট পরিহিত এক ব্যক্তি হাতে থাকা মদের বোতলটি মাটিতে রেখে ঝগড়ার ভেতর ঢুকে যান।
ভিড়ের ভেতর ওই ব্যক্তিকে হাত উঁচু করে ছুরি ঘুরাতে দেখা যায়। তারপর লোকটি স্কুটারে চড়ে পালিয়ে গেলে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় সন্দেহভাজন হলুদ জ্যাকেট পরিহিত ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী ৩৫ বছর বয়সী ওই নারী তার বন্ধুকে বাঁচাতে গিয়ে বুকে একাধিক ছুরিকাঘাতের শিকার হন।
ঘটনার তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।