থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটের পাতং এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোরে চারতলা ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে পাতং এলাকার একটি বাণিজ্যিক ভবনে আগুনের সূত্রপাত। ভবনটিতে রেস্তোরাঁ, ভাড়ায় থাকার ব্যবস্থা এবং মোটরসাইকেল ভাড়ার ব্যবসা ছিল। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারকর্মীদের প্রায় দুই ঘণ্টা সময় লাগে। পরে ভবনটি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে আহত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের বেশির ভাগই ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না।
ফুকেট পুলিশের প্রধান সুরাচাই সুকসাই জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ভবনের কাছের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এ কারণে নাশকতার আশঙ্কা নাকচ করা হচ্ছে বলে জানান তিনি।
ফুকেটের গভর্নর চোদনারিন কোয়েদসম জানান, ভবনের মোটরসাইকেল ভাড়ার দোকানে প্রায় ১০০টি মোটরসাইকেল ছিল। সেখানে গ্যাস, ইঞ্জিন অয়েল, প্লাস্টিকসামগ্রী ও টায়ারও মজুত ছিল। এসব দাহ্য পদার্থ আগুন দ্রুত ছড়িয়ে পড়া এবং ঘন বিষাক্ত ধোঁয়া তৈরির কারণ হয়ে থাকতে পারে।
থাইল্যান্ডে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে এ দুর্ঘটনা ঘটল। এর আগে গত জুলাইয়ে রাজধানী ব্যাংককের একটি বারে অগ্নিকাণ্ডে প্রায় ৪০ জন নিহত হন।
২০০৯ সালেও নববর্ষ উদ্যাপনের সময় ব্যাংককের সান্তিকা ক্লাবে আগুন লেগে ৬৭ জনের মৃত্যু হয়েছিল। সাম্প্রতিক এই অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।