হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত ন্যাশনাল সাইবার ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন পেন্টাগনের সাবেক চিফ ইনফরমেশন অফিসার কার্স্টেন ডেভিস। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শন কেয়ার্নক্রসের পদত্যাগের পর স্থলাভিষিক্ত হন তিনি। ডেভিসের দায়িত্বপ্রাপ্তির তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন।
আমেরিকায় এক সপ্তাহের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনার পর এ দায়িত্ব পরিবর্তনের ঘোষণা এল।
ন্যাশনাল সাইবার সিকিউরিটির ডিরেক্টরের দায়িত্ব হলো সাইবার নিরাপত্তা বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেওয়া এবং ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সাইবার নীতির সমন্বয় করা। স্থায়ী পরিচালক নিয়োগের আগে প্রেসিডেন্টকে একজন প্রার্থী মনোনীত করতে হবে। এরপর সেনেটের অনুমোদন নিতে হবে।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম বৃহস্পতিবার কেয়ারনক্রসের দায়িত্ব ছাড়ার খবর প্রকাশ করে। হোয়াইট হাউসের দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ স্টিফেন মিলার তাকে সরিয়ে দেওয়ার পক্ষে ছিলেন।
তাদের একজনের ভাষ্য, মিলারের মতে, ন্যাশনাল সাইবার ডিরেক্টরের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা কেয়ারনক্রসের নেই।
সম্প্রতি দেশে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় দেখা গেছে। এর মধ্যে আছে দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া, বিশ্বব্যাপী মাইক্রোসফট আউটলুকের সেবা বিঘ্নিত হওয়া এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়ার খবর।
তবে এসব ঘটনার পেছনে সমন্বিত কোনো সাইবার হামলা, রাষ্ট্রীয় মদদপুষ্ট তৎপরতা কিংবা কোনো ক্ষতিকর পক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে জানায় হোয়াইট হাউস।
এদিকে, নতুন দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান কার্স্টেন ডেভিস। এ দায়িত্ব দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প ও তার চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে ধন্যবাদ জানান তিনি।
ডেভিস লেখেন,'আমেরিকা বর্তমানে অ্যানালগ, ডিজিটাল ও কোয়ান্টাম প্রযুক্তির এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমেরিকানদের জীবনযাত্রা ক্রমেই প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে।
‘আগামী প্রজন্মের জন্য সাইবার জগতে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ রয়েছে দেশের। তবে সে লক্ষ্য অর্জনে প্রযুক্তির আধুনিকায়ন এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ও সক্ষমতা বাড়ানো প্রয়োজন।"
ডেভিসের নিয়োগে অভিনন্দন জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ ও স্টেট সেক্রেটারি মার্কো রুবিও।