অধিকৃত ওয়েষ্ট ব্যাংকের রামাল্লা শহরের আশপাশে ২.৫ মিলিয়ন স্কয়ার মিটারের বেশি ফিলিস্তিনি জমিকে ‘স্টেট প্রপার্টি’ বা রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
বুধবার (৪ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন। এর ফলে জমিগুলো ইসরায়েলের প্রপার্টি কাস্টডিয়ানের প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে যাবে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবর।
কমিশন জানায়, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য সংশ্লিষ্টদের ৪৫ দিনের সময়সীমা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে পশ্চিম তীরের ওফার মিলিটারি ক্যাম্পে অবস্থিত ‘অবজেকশন কমিটি’র কাছে আবেদন করে সিদ্ধান্তটি চ্যালেঞ্জ করতে হবে।
ঘোষিত জমিগুলো ওয়েষ্ট ব্যাংকের রামাল্লার উত্তর-পশ্চিমে অবস্থিত বেইতিল্লু, আল-মাজরা আল-কিবলিয়া ও দেইর আম্মার—এই তিনটি ফিলিস্তিনি গ্রামের অন্তর্ভুক্ত।
কমিশনের আশঙ্কা, জমিগুলোকে স্টেট প্রপার্টি হিসেবে ঘোষণা করার মাধ্যমে ওই অঞ্চলে তালমোনিম সেটেলমেন্ট ব্লকের সম্প্রসারণের পথ আরও প্রশস্ত হবে। এই সেটেলমেন্ট ব্লকের মধ্যে রয়েছে কাছাকাছি অবস্থিত কেরেম রেইম, নেরিয়া ও নাহলিয়েল সেটেলমেন্ট। পাশাপাশি তালমোন ও দোলেভ আউটপোস্টের দিকে এসব বসতির সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।
ফিলিস্তিনি গ্রামবাসীদের ভূমির অধিকার রক্ষায় জরুরি ভিত্তিতে লিগ্যাল অ্যাকশন নেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। এ জন্য ল্যান্ড ওনারশিপের প্রমাণ সংগ্রহ, কৃষিকাজ ও জমি ব্যবহারের রেকর্ড সংরক্ষণ এবং স্থানীয় কাউন্সিলের মাধ্যমে জমির সীমানা যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এদিকে ওয়েষ্ট ব্যাংক ও ইস্ট জেরুজালেমে ইসরায়েলি সেটেলমেন্ট নির্মাণ ও সম্প্রসারণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জাতিসংঘের বহু সদস্যরাষ্ট্র আপত্তি জানিয়ে আসছে। আন্তর্জাতিক আইনের অধীনে এসব সেটেলমেন্টকে ব্যাপকভাবে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।