Skip to main content

নিউ অরলিন্সের কারাগার থেকে পালালেন খুনের আসামিসহ ১১ বন্দি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৬ ২০২৫, ১৮:৫৫ হালনাগাদ: মে ৩০ ২০২৬, ২২:৫৮

নিউ অরলিন্স কারাগার থেকে পালিয়ে যাওয়া এক বন্দিকে ধরতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: লুইজিয়ানা স্টেইট পুলিশ

নিউ অরলিন্স কারাগার থেকে পালিয়ে যাওয়া এক বন্দিকে ধরতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: লুইজিয়ানা স্টেইট পুলিশ

  • 0

অরলিন্স প্যারিশ শেরিফ সুসান হাটসন জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিয়মিত গণনার সময় কারাগারের কর্মকর্তারা ১১ বন্দির অনুপস্থিতি পান।

লুইজিয়ানার নিউ অরলিন্সের ‘অরলিন্স জাস্টিস সেন্টার’ নামের একটি কারাগার থেকে খুনের মামলার আসামিসহ ১১ জন বন্দি পালিয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন স্থানীয় শেরিফ।

অরলিন্স প্যারিশ শেরিফ সুসান হাটসন জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নিয়মিত গণনার সময় কারাগারের কর্মকর্তারা ১১ বন্দির অনুপস্থিতি পান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পলাতক বন্দিদের হন্য হয়ে খুঁজছে বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএন সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ডব্লিউভিইউই জানায়, পলাতক ১১ বন্দিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন অ্যান্টয়িন ম্যাসি, লেন্টন ভ্যানবুরেন, লিও টেইট, কেন্ডেল মাইলস, ডেরিক গ্রোভস, জার্মেইন ডনাল্ড, কোরি বয়েড, গ্যারি প্রাইস, রবার্ট মুডি, ডিকেনান ডেনিস ও কেইথ লুইস।

অনলাইন রেকর্ড অনুযায়ী, পলাতক বন্দিদের বিরুদ্ধে অপরাধের বিস্তর অভিযোগ আছে। তাদের কয়েকজন হত্যা মামলার আসামি। এ ছাড়া আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা মামলার আসামিও রয়েছেন পলাতকদের মধ্যে।

লুইজিয়ানা স্টেইট পুলিশ ফেসবুকে এক পোস্টে জানায়, পলাতকদের মধ্যে কেন্ডেল মাইলসকে আটক করা হয়েছে।

স্টেইট পুলিশ জানায়, বাহিনীর কর্মকর্তারা যোগাযোগের চেষ্টার সময় মাইলস দৌড় দিলেও দ্রুতই তাকে আটক করা হয়।

অরলিন্স প্যারিশ রেকর্ড অনুযায়ী, পরিকল্পনা ছাড়া উদ্দেশ্যপ্রণোদিত হত্যার (সেকেন্ড ডিগ্রি মার্ডার) জন্য মাইলসকে অভিযুক্ত করা হয়েছিল।

শেরিফ অফিস পলাতক বন্দিদের বিষয়ে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো বন্দিকে দেখলে কিংবা তাদের বিষয়ে কোনো তথ্য পেলে ক্রাইম স্টপার্স বা ৯১১ নম্বরে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করেছে।