
কেন ডেমোক্র্যাটদের তোপে চাক শুমার?

টিবিএন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১ ২০২৫, ২২:০৮ হালনাগাদ: মার্চ ৯ ২০২৬, ১৪:১৯

সিনেট মাইনোরিটি লিডার চাক শুমার। ছবি: রয়টার্স
- 0
শুমারকে নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন দলটির কংগ্রেস সদস্যদের একাংশ।
সরকারের অচলাবস্থা নিরসনে স্বল্পমেয়াদি ব্যয় বিলের পক্ষে সম্মতি দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির আট সিনেটর।
একে কেন্দ্র করে দলটির নেতাদের তোপের মুখে পড়েছেন সিনেট মাইনোরিটি লিডার চাক শুমার।
শুমারকে নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন দলটির কংগ্রেস সদস্যদের একাংশ।
সিবিএস নিউজকে সোমবার ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন, শুমারের সরে যাওয়ার সময় হয়েছে।
তীব্র প্রতিক্রিয়া
সরকারের অচলাবস্থা নিরসনে স্বল্পমেয়াদি ব্যয় বিলের পক্ষে আট ডেমোক্র্যাটিক সিনেটরের সমর্থন দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
তাদের মধ্যে অনেকেরই অভিযোগ, কোনো ধরনের বিজয় ছাড়াই চাপের মুখে সমঝোতায় রাজি হন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এ সিদ্ধান্তকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন।
এ ছাড়া সেনেটর ক্রিস মারফি বলেন, এ সিদ্ধান্তের পক্ষে কোনো সঠিক যুক্তি নেই।
এদিকে ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের সতর্ক করে দিয়ে সিবিএস নিউজকে বলেন, হেলথকেয়ারে বরাদ্দ আদায় না করে এ সমঝোতা ডেমোক্র্যাটদের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে।
আপসের অভিযোগ
দীর্ঘ ৪০ দিনের লড়াইয়ের পর সিনেট মাইনোরিটি লিডার চাক শুমার কোনো কারণ ছাড়াই রিপাবলিকানদের সঙ্গে আপস করেছেন বলে অভিযোগ করেছেন একাধিক ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা।
সিবিএস নিউজকে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না বলেন, শুমারের অজান্তে আট ডেমোক্র্যাটিক সিনেটর স্বল্পমেয়াদি ব্যয় বিলে সম্মতি দেননি।
ডেমোক্র্যাট অন্য সিনেটররা শুমারকে এ বিষয়ে জানিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।
সিনেট মাইনোরিটি লিডারের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, এবার তার সরে যাওয়ার সময় হয়েছে।
কংগ্রেসম্যান রো খান্নার মতোই চাকশুমারের নেতৃত্বের তীব্র সমালোচনা করে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান সেথ মুল্টন বলেন, ডেমোক্র্যাটিক ককাসের নেতৃত্ব হারিয়েছেন শুমার।
দলের আটজন সিনেটর রিপাবলিকানদের ফাঁদে পা দিয়েছেন উল্লেখ করে মুল্টন বলেন, সিনেটের ডেমোক্র্যাটিক পার্টির নেতারা হাস্যকর হয়ে উঠেছেন।
এদিকে ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেছেন, দেশের স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ নিয়ে সংকট আরও দীর্ঘ হলো। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার অন্ধ সমর্থকরা দেশের মানুষের স্বাস্থ্যসেবার অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলেন, তবে হেলথকেয়ার বরাদ্দ নিয়ে আগামী ডিসেম্বর মাসের ভোটাভুটি পর্যন্ত অপেক্ষা করবেন বলেও জানান তিনি।
বিশ্লেষকরা বলছেন, নভেম্বর মাসের শুরুতেই একাধিক নির্বাচনে জয়ের পর আত্মবিশ্বাসী ডেমোক্র্যাটরা স্বাস্থ্য সেবা খাতে বরাদ্দ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ পেলেও আপসের পথে গিয়ে ভুল করেছেন।
ডেমোক্র্যাট কৌশলবিদ জুলি রজিন্সকি জানান, গত মঙ্গলবারের নির্বাচনের ফল দেখেও সিদ্ধান্ত নিতে পারলেন না ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা।