মামদানির ট্রানজিশন টিমের কো-চেয়ার কে এই লিনা খান?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫ ২০২৫, ২৩:২৬

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানির অন্তর্বর্তীকালীন টিমের কো-চেয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ফেডারেল ট্রেড কমিশন চেয়ার লিনা খান। ছবি: এক্স/এনডিটিভি

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানির অন্তর্বর্তীকালীন টিমের কো-চেয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ফেডারেল ট্রেড কমিশন চেয়ার লিনা খান। ছবি: এক্স/এনডিটিভি

  • 0

লিনা খান ২০২১ সালের ১৫ জুন থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারি এফটিসির চেয়ার হিসেবে কাজ করেন।

নিউ ইয়র্ক সিটির মেয়রের চেয়ারে বসার আগে এ পদে জয়ী জোরান মামদানি গঠন করেছেন অন্তর্বর্তীকালীন বা ট্রানজিশন টিম। এ টিমে তিনি কো-চেয়ার হিসেবে নিয়োগ দিয়েছেন সাবেক ফেডারেল ট্রেড কমিশন-এফটিসি চেয়ার লিনা খানকে।

পাকিস্তানি বংশোদ্ভূত লিনা খানের জন্ম যুক্তরাজ্যে জানিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, কোম্পানিগুলোর একচেটিয়াত্ববিরোধী মামলায় আপসহীন মনোভাবের কারণে ইতোপূর্বে বাঘা বাঘা কোম্পানি ও চুক্তি সম্পাদনকারীদের চক্ষুশূলে পরিণত হন এ ডেমোক্র্যাট।

পাকিস্তানি মা-বাবার সন্তান লিনা ‍যুক্তরাজ্যে জীবনের প্রারম্ভিককাল কাটান বলে বিভিন্ন প্রতিবেদনের বরাতে জানায় এনডিটিভি।

সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, ১১ বছর বয়সে অ্যামেরিকায় পাড়ি জমান এ রাজনীতিক।

ক্যারিয়ার

লিনা খান ২০২১ সালের ১৫ জুন থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারি এফটিসির চেয়ার হিসেবে কাজ করেন। জো বাইডেনের আমলে মাত্র ৩২ বছর বয়সে নবীনতম ব্যক্তি হিসেবে একচেটিয়াত্ববিরোধী (অ্যান্টিট্রাস্ট) ও ভোক্তা স্বার্থ সুরক্ষা সংস্থাটির প্রধান নিযুক্ত হন তিনি।

এফটিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাণিজ্যবিষয়ক প্রতিবেদক ও গবেষক হিসেবে অ্যান্টিট্রাস্টে যোগ দেন লিনা, যার কাজ ছিল মার্কেটজুড়ে একীভবনের বিষয়গুলো খতিয়ে দেখা। দায়িত্ব নিয়েই এফটিসির সংবিধিবদ্ধ সব কর্তৃত্ব পূর্ণমাত্রায় খাটানোয় মনোযোগী হন তিনি।

লিনার অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপগুলোর মধ্যে ছিল মার্কেটে প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা, এফটিসির প্রতিযোগিতাপূর্ণ নয় এমন অনুচ্ছেদ হ্রাস, সংবেদনশীল ডেটা সুরক্ষা ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবায় প্রভাব ফেলা অবৈধ চর্চা প্রতিহতকরণ।

এফটিসিতে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের জুডিশিয়ারি কমিটির ‘সাবকমিটি অন অ্যান্টিট্রাস্ট, কমার্শিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ল’ নামক উপকমিটিতে।

কলাম্বিয়া ল স্কুলের সহযোগী অধ্যাপক ছিলেন লিনা, যিনি উচ্চশিক্ষা নেন উইলিয়ামস কলেজ ও ইয়েল ল স্কুল থেকে।

মামদানির টিমে লিনার যে ভূমিকা

রাজনীতিবিষয়ক আলোচনার প্ল্যাটফর্ম ‘পড সেভ অ্যামেরিকা’কে দেওয়া সাক্ষাৎকারে লিনা জানান, ২০২৬ সালের পহেলা জানুয়ারি মামদানির ক্ষমতা গ্রহণের আগে নিউ ইয়র্ক সিটি মেয়রের ক্ষমতার পরিধি কতটা, তা খতিয়ে দেখছেন তিনি।

অর্থনৈতিক নীতি ও জনবলের বিষয়ে মেয়র পদে জয়ী মামদানিকে পরামর্শ দিচ্ছেন লিনা।

তিনি জানান, নিউ ইয়র্ক সিটিকে আরও সাশ্রীয় করার উচ্চাভিলাষী এজেন্ডা বাস্তবায়ন নিশ্চিত করা তার দায়িত্বের একটি অংশ।