গাজার জন্য ২০ দফা শান্তি পরিকল্পনা হোয়াইট হাউসের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯ ২০২৫, ১৯:২৫ হালনাগাদ: মার্চ ২ ২০২৬, ৩:৪৩

ইসরায়েলি বাহিনীর জায়গা খালি করার আদেশের পর সম্প্রতি উত্তর গাজা ছেড়ে যান বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি। ছবি: রয়টার্স

ইসরায়েলি বাহিনীর জায়গা খালি করার আদেশের পর সম্প্রতি উত্তর গাজা ছেড়ে যান বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি। ছবি: রয়টার্স

  • 0

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দিনে এ পরিকল্পনা প্রকাশ করা হয়।

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ২০ দফা পরিকল্পনা সোমবার প্রকাশ করেছে হোয়াইট হাউস।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দিনে এ পরিকল্পনা প্রকাশ করা হয়।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন-এবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, গাজায় শান্তিচুক্তি ‘খুবই সন্নিকটে’।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ২০ দফা পরিকল্পনায় ফিলিস্তিনিদের গাজায় থাকা কিংবা উপত্যকায় ফেরার ‘অনুমোদনের’ কথা বলা হয়েছে।

এ পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে হামাসের মতৈক্যের ওপর। যদিও হামাস প্রত্যাখ্যান করলেও এ পরিকল্পনার আংশিক বাস্তবায়ন হবে।

পরিকল্পনায় গাজায় বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তির পাশাপাশি ইসরায়েলি কারাগারে আগে থেকে বন্দি থাকা শত শত ফিলিস্তিনি এবং গাজায় যুদ্ধের পর বন্দি এক হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তির কথা বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী গাজা ছেড়ে চলে যাবে এবং খাদ্য ও মানবিক সহায়তা উপত্যকায় যথেষ্ট পরিমাণে পৌঁছাবে।

পরিকল্পনা অনুযায়ী, গাজা শাসনের জন্য অস্থায়ীভাবে ‘অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি’ গঠন করা হবে, যার তত্ত্বাবধানে থাকবে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’। একই বোর্ডে থাকবেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

এর আগে হোয়াইট হাউসে নেতানিয়াহুকে স্বাগত জানান ট্রাম্প। সেখানে যায় কাতার সরকারের একটি কারিগরি দলও।

হোয়াইট হাউস থেকে টেলিফোনে আলাপে দোহায় ইসরায়েলি হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুলরহমান আল-থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু।