স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, ইউক্রেনের স্টারলিংক ব্যবহারের সুযোগ সীমিত করার সিদ্ধান্ত হোয়াইট হাউসের নয় বরং স্পেসএক্স ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের ওপর নির্ভর করছে।
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে গত ১৫ অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি অভিযোগ করেন, সামরিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত এমন জায়গায় দেশটিতে স্টারলিংক পরিষেবা সীমিত করে দিয়েছেন মাস্ক।
অভিযোগটি এমন সময় আসে যখন ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়ার তেল শোধোনাগারে হামলা বন্ধ রাখতে বলেছিলেন। একইসঙ্গে প্রকাশ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন।
এদিকে ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইউক্রেনে স্টারলিংক পরিষেবা কমিয়ে দেওয়ার আগে ও পরে বিষয়টি নিয়ে ট্রাম্প, মাস্ক এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে একধিক আলোচনা হয়েছে।
এ প্রসঙ্গে রুবিও বলেন, ‘আমরা পরিষেবা সীমিত করার ঘটনা আগে থেকেই জানতাম এটা কোনো বিষয় নয়।
‘মূল বিষয় হলো এটা একটা বেসরকারি বাণিজ্যিক চুক্তি যে, স্টারলিংকের গ্রাহকদের কিভাবে পরিষেবা দেওয়া হবে এবং কতটুকু সেবা দেওয়া হবে।‘
তবে একজন পশ্চিমা কর্মকর্তাসহ দুজন আমেরিকান কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, স্টারলিংক পরিষেবা সীমিত করার সিদ্ধান্তটি চূড়ান্তভাবে হোয়াইট হাউস থেকেই এসেছে। একই দাবি একাধিকবার করেছেন জেলেনস্কি। কিন্তু ট্রাম্প প্রশাসন প্রত্যেকবার তা অস্বীকার করেছে।