যুক্তরাজ্যে দুই ইহুদিকে হত্যা: হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩ ২০২৫, ১:২৯ হালনাগাদ: ফেব্রুয়ারি ১ ২০২৬, ১:৪৭

হিটন পার্ক হিব্রু কনগ্রেগেশন সিনাগগের সামনে হামলাটি করা হয়। ছবি: উইকিমিডিয়া কমন্স

হিটন পার্ক হিব্রু কনগ্রেগেশন সিনাগগের সামনে হামলাটি করা হয়। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

যুক্তরাজ্যে সম্প্রতি ইহুদিবিদ্বেষ অনেকাংশে বেড়েছে। জরিপ জানায়, গত বছর দেশটিতে তিন হাজার পাঁচশ আটাশটি ইহুদিবিদ্বেষী ঘটনা ঘটেছে।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি ধর্মের উপাসনালয় সিনাগগের সামনে হামলা করেছে সন্ত্রাসীরা।

এ ঘটনায় দুই ইহুদি নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আক্রমণের পর নিহত হন এক হামলাকারী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ছিল ইহুদি সম্প্রদায়ের জন্য বছরের অন্যতম পবিত্র আচার ইয়ম কিপুর পালনের দিন। ওই দিন সকালে শহরের ক্রাম্পসল এলাকায় হিটন পার্ক হিব্রু কনগ্রেগেশন সিনাগগের সামনে ধর্মীয় আচার পালন করতে সমবেত হন ইহুদি সম্প্রদায়ের লোকজন। এমন সময় তাদের ওপর হামলা করা হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদমাধ্যমটি জানায়, হামলাকারীরা সিনাগগের সামনে অবস্থান করা লোকদের দিকে একটি গাড়ি নিয়ে ধেয়ে আসে। গাড়ি থেকেই একজনকে ছুরিকাঘাত করে তারা।

হামলার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ-জিএমপি।

সংবাদমাধ্যমকে জিএমপি জানায়, তারা এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে প্রতিটি সিনাগগে জরুরি ভিত্তিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

তিনি বলেন, ‘ইহুদি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানিয়ে এ হামলা নিন্দনীয়। হামলাকারীরা শুধু ইহুদিদের নয়, যুক্তরাজ্যের মূল্যবোধেও আঘাত হেনেছে।’

হামলাকারীদের সম্পর্কে পুলিশের তথ্য

জিএমপি সংবাধ্যমকে জানায়, হামলাকারীদের মধ্যে একজন শরীরে ভেস্ট পরে ছিলেন। এতে অত্যাধুনিক বোমা যুক্ত করা ছিল বলে ধারণা করছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় জিএমপি জানায়, হামলাকারীদের মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আটক করা দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে গোপনীয়তার স্বার্থে নাম-পরিচয় গোপন রেখেছে পুলিশ।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে সম্প্রতি ইহুদিবিদ্বেষ অনেকাংশে বেড়েছে। গত বছর দেশটিতে তিন হাজার ৫২৮টি ইহুদিবিদ্বেষী ঘটনা ঘটেছে বলে জানায় যুক্তরাজ্যে বসবাসরত ইহুদিদের নিয়ে কাজ করা সংস্থা কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট-সিএসটি।

চলমান ইসরায়েল-গাজা যুদ্ধ এ বিদ্বেষ বাড়ার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।