মেয়র অ্যাডামসের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সাবেক প্রেমিকা

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: অক্টোবর ৬ ২০২৫, ২১:৪৩ হালনাগাদ: জানুয়ারি ৩০ ২০২৬, ২:৪৬

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। ফাইল ছবি

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। ফাইল ছবি

  • 0

সিটি হলের পরিচালক পদ থেকে গত সপ্তাহে পদত্যাগের পর নিজের লেখা বইয়ে জেসমিন জানান, মেয়রের সঙ্গে একসময় তার প্রেমের সম্পর্ক ছিল। অ্যাডামস তাকে স্ত্রীর মতো দেখতেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং তার নামে হওয়া দুর্নীতি মামলার বিষয়ে মুখ খুলেছেন তার সাবেক প্রেমিকা জেসমিন রে।

সিটি হলের পরিচালক পদ থেকে গত সপ্তাহে পদত্যাগের পর নিজের লেখা বইয়ে জেসমিন জানান, মেয়রের সঙ্গে একসময় তার প্রেমের সম্পর্ক ছিল। অ্যাডামস তাকে স্ত্রীর মতো দেখতেন।

মেয়রের বিরুদ্ধে দায়ের করা ফেডারেল দুর্নীতির মামলায় চারবার আদালতে স্বাক্ষ্য দেওয়ার ঘটনাকে তার জীবনের সবচেয়ে বাজে সময় বলেও উল্লেখ করেছেন জেসমিন রে।

গত সপ্তাহে দেওয়া ঘোষণায় মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, আগামী নির্বাচনে তিনি আর মেয়র পদে লড়বেন না। তার ঠিক দুই দিন আগে সিটি হল থেকে পদত্যাগ করেন স্পোর্টস, ওয়েলনেস ও রিক্রিয়েশন ডিরেক্টর পদে থাকা জেছমিন রে।

তার লেখা বই ‘পলিটিক্যাল হিউমিনিটি’র ই-ভার্সন প্রকাশ করা হয় রবিবার।

এ বইয়ে জেছমিন রে স্বীকার করেছেন, তার সঙ্গে মেয়র এরিক অ্যাডামসের ‘গোপন’ সম্পর্ক ছিল।

এনবিসিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, এরিক তাকে স্ত্রীর দৃষ্টিতে দেখতেন।

জেছমিনের দাবি, ছয় মাস ধরে শারীরিক সম্পর্ক থাকলেও ২০১৬ সালে অ্যাডামস সেটা শেষ করার ঘোষণা দেন।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান জেছমিন।

অ্যাডামস মেয়র পদে বসার পর তার প্রশাসনের স্পোর্টস, ওয়েলনেস ও রিক্রিয়েশন ডিরেক্টর পদে যোগ দেন তিনি।

নিজের সাবেক প্রেমিকাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়ে সিটি হলের সঙ্গে যোগাযোগ করা হলে এক মুখপাত্র জানান, এক দশক আগে দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও সিটি হলে দায়িত্ব পালনের সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।

একই সময়ে জেছমিন কথা বলেন মেয়রের বিরুদ্ধে দায়ের করা বাইডেন প্রশাসনের ফেডারেল দুর্নীতি মামলা নিয়েও।

এ মামলায় ২০২৪ সালের অক্টোবর মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত চারবার আদালতে স্বাক্ষ্য দিতে হয়েছে তাকে।

নিজের লেখা বইয়ে জেছমিন জানান, মামলার তদন্ত শুরুর সময় মেয়র এরিক অ্যাডামস তাকে সতর্ক করে বলেছিলেন, ‘আমার সঙ্গে ঘনিষ্ট ব্যক্তিদের তালিকায় তোমার নামও আছে। তাই তোমাকে সতর্ক করছি।’

এর আগে সিটি হলের পরিচালকের দায়িত্ব থাকার সময় জেছমিন রেকে ব্রুকলিনে একটি ডে কেয়ার সেন্টার পরিচালনার দায়িত্ব দেওয়া হলে সেটি নিয়ে সমালোচনা হয়। তখন সিটি হল বলেছিল, তার যোগত্যা ও দক্ষতার কারণেই তিনি এ দায়িত্ব পেয়েছেন।

অ্যাডামসের সাবেক প্রেমিকা হিসেবে সিটি হলের দায়িত্ব পেয়েছেন কি না, এ প্রশ্ন করা হলে জেছমিন দাবি করেন, নিজের যোগ্যতাতেই সব কিছু পেয়েছেন তিনি।

প্রকাশিত বইয়ের বিষয়ে মেয়রের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে জেছমিন জানান, মেয়র তাকে বলেছেন, জটিল ও কঠিন কিছু বিষয় প্রকাশ্যে আনতে যাচ্ছেন তিনি।

জেছমিন রের ভাষ্য, মেয়রের বিরুদ্ধে কোনো অভিযোগ নয়; রাজনীতিবিদদের ব্যক্তিগত জীবনের তথ্য সাধারণ মানুষের জানা উচিত— এমন তাগিদ থেকেই তিনি বই লিখেছেন।