অ্যামেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি বাংলাদেশ ও অ্যামেরিকায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।
শনিবার ট্রাম্পের উদ্দেশে পাঠানো চিঠিতে তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকার, দেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে অ্যামেরিকার এই ঐতিহাসিক মাইলফলক অর্জনে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে অ্যামেরিকা আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে যাবে।
চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘আমেরিকা ২৫০’ কেবল অ্যামেরিকার জন্য নয়, বরং বিশ্বের মানুষের কাছেও আমেরিকান স্বপ্ন, স্বাধীনতা, ত্যাগ, মূল্যবোধ, ঐতিহ্য এবং বিশ্বে দেশটির অবদান থেকে অনুপ্রেরণা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও অ্যামেরিকার সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ নানা ক্ষেত্রে আরও শক্তিশালী ও বহুমাত্রিক হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই অ্যামেরিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন প্রচেষ্টায় একটি মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে।
তারেক রহমান আরও বলেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় অ্যামেরিকার ধারাবাহিক সমর্থন ও উদারতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠির শেষাংশে তারেক রহমান ট্রাম্পকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সরকার অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে অ্যামেরিকা ও ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন। একইসঙ্গে অ্যামেরিকার জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখী ভবিষ্যৎ কামনা করেন।