ইউটাহর ওরেমে অবস্থিত ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে বুধবার একটি অনুষ্ঠান চলাকালীন ডানপন্থি অ্যামেরিকান কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তটি ধরা পড়ে।
এবিসি নিউজ জানায়, এফবিআই পরিচালক কাশ প্যাটেলের মতে, সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে অভিযান জোরদার করা হয়েছে। হামলার বিষয়ে তদন্ত এখনও চলছে।
উটাহ ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি কমিশনার বিউ ম্যাসন জানান, সম্ভাব্য বন্দুকধারীর সম্পর্কে তাদের কাছে একমাত্র তথ্য ক্যাম্পাসের সিসিটিভি থেকে নেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিটি সম্পূর্ণ কালো পোশাক পরে ছিল।
তিনি বলেন, ক্যাম্পাস থেকে অনেক দূর থেকে সম্ভবত ছাদ থেকে গুলি চালানো হয়েছিল।
বুধবার রাতে উটাহ ডিপার্টমেন্ট অফ পাবলিক অফ সেফটি এক আপডেটে জানায়, গুলি চালানোর পর প্রথমে দুজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম ব্যক্তিকে ছেরে দেয়া হলেও পরে বিশ্ববিদ্যালয় পুলিশ তার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ আনে।
দ্বিতীয় জনকে আটক করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।
উটাহ কর্তৃপক্ষ বলেছে, আটক ব্যক্তির সাথে গুলির ঘটনার কোনো সম্পর্ক নেই।
এফবিআই জানায়, তারা স্টেট ও স্থানীয় পুলিশের সঙ্গে মিলে চার্লি কার্কের ওপর গুলির ঘটনাটি তদন্ত করছে। কর্তৃপক্ষ জনসাধারণকে ঘটনার কোনো তথ্য, ছবি বা ভিডিও থাকলে সেটি তদন্তকারীদের সঙ্গে শেয়ার করার অনুরোধ করেছে।
সল্ট লেক সিটি এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ইন চার্জ রবার্ট বোহলস বুধবার বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা সমস্ত সূত্র প্রমাণ পর্যালোচনা করছি।’
উটাহের গভর্নর স্পেন্সার কক্স এই ভয়াবহ গুলিবর্ষণকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।
টার্নিং পয়েন্ট ইউএসএর তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী কার্ক গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।