প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক ব্রাজিলের বিমান ও চিনির ওপর প্রস্তাবিত নতুন শুল্ক আরোপের ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একইসঙ্গে এর জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ারের তৈরি বিমানের ওপর বুধবার (২৫ নভেম্বর) ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে আমেরিকা। তার পরপর এক বিবৃতিতে লুলার কার্যালয় জানায়, ব্রাজিল ‘পাল্টা ব্যবস্থা’ নেয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।
এদিকে, ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ জেমিসন গ্রিয়ার বলেছেন, এই বিষয়গুলিতে ব্রাজিল কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে না পারায় তার দপ্তর জুলাই মাসে আরোপিত শুল্কে পরিবর্তনের প্রস্তাব দিচ্ছে। তিনি আরো জানান, ওয়াশিংটন আলোচনার জন্য প্রস্তুত আছে।
অন্যদিকে ব্রাসিলিয়া জানিয়েছে, তারা এক বছরেরও বেশি সময় ধরে ওয়াশিংটনের সঙ্গে সদিচ্ছা নিয়ে আলোচনা করে আসছে এবং আগস্ট মাসে উভয় পক্ষ বাণিজ্য বিষয়ক একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করতে সম্মত হয়েছে।
লুলার কার্যালয় আরও জানিয়েছে, ব্রাজিল আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা অব্যাহত রাখবে। তবে বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রস্তাবিত শুল্ককে চ্যালেঞ্জ করার অধিকার দেশটি প্রয়োগ করবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি।
ট্রাম্পের প্রস্তাবিত নতুন শুল্ক জানুয়ারির শুরুতেই কার্যকর হতে পারে। কার্যকর হলে এমব্রেয়ার জেটের জন্য আমেরিকান বিমান সংস্থাগুলোকে আরও বেশি মূল্য পরিশোধ করতে হবে।
এদিকে, এমন এক সময় এই শুল্ক প্রস্তাব এলো, যখন ইরান-অ্যামেরিকা যুদ্ধের কারণে ব্রাজিল জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি নিয়ে হিমশিম খাচ্ছে।