দীপাবলিতে রাজকীয় সাজে ভক্তদের নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে তাঁর সাজের অন্যতম আকর্ষণ ৩০ ক্যারেটের পান্নার একটি পেনডেন্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পেনডেন্টটিতে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই থাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১১ নভেম্বর আইনি নোটিশ পেয়েছেন কারিনা। একই নোটিশ পাঠানো হয়েছে তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকেও।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের সাজের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন কারিনা। ছবিতে তাঁকে দেখা যায় ঘিয়ে রঙের কাফতান ও ম্যাচিং পাগড়িতে। সঙ্গে ছিল ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহাসিক পান্নার পেনডেন্ট এবং হীরা-মুক্তার একটি রাজকীয় কালগি। ছবিগুলো প্রকাশের পর তাঁর সাজ নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে পান্নার পেনডেন্টটি। ৩০ ক্যারেটের পান্নার ওপর খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি।
ভোপাল রাজপরিবারের ঐতিহাসিক গয়না
কারিনার পরা পান্নার পেনডেন্টটি ভোপালের সাবেক বেগমদের রাজকীয় সংগ্রহের অংশ। এটি সাইফ আলি খানের পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া। সাইফের পিতামহী বেগম সাজিদা সুলতানের সংগ্রহে ছিল অলংকারটি। ১৯৩৯ সালে সাজিদা সুলতানের সঙ্গে পাতৌদির নবাব ইফতিখার আলি খানের বিয়ের মাধ্যমে ভোপাল ও পাতৌদি রাজপরিবারের সম্পর্ক গড়ে ওঠে।
পেনডেন্টের পাশাপাশি কারিনার সাজে ছিল প্রায় ২০০ বছরের পুরোনো হীরা ও মুক্তার কালগি। তিনটি পালকের নকশায় তৈরি এই রাজকীয় অলংকারটির সঙ্গে ভোপালের নবাব হামিদুল্লাহ খানের ইতিহাস জড়িয়ে রয়েছে। ২০১২ সালে কারিনাকে বিয়ের সময় নিজের বিয়ের পাগড়িতেও একই কালগি পরেছিলেন সাইফ আলি খান।
পেনডেন্ট নিয়ে কেন আইনি নোটিশ?
কারিনার সাজের ছবি প্রকাশের পর পেনডেন্টটির ব্যবহার নিয়ে আপত্তি জানান এক সমাজকর্মী ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাঁদের অভিযোগ, পবিত্র কোরআনের আয়াতকে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে প্রদর্শন করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
এ ঘটনায় কারিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন কংগ্রেস নেতা ও সমাজকর্মী আব্বাস হাফিজ। নোটিশে সামাজিকমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
তবে আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত পরিচয়ে নোটিশটি পাঠিয়েছেন, কংগ্রেসের পক্ষ থেকে নয়। তাঁর আপত্তি কারিনার পোশাক বা ব্যক্তিগত সাজ নিয়ে নয়, বরং পবিত্র আয়াত খোদাই করা পেনডেন্টের উপস্থাপনা নিয়ে।
এদিকে, এ বিষয়ে এখনো কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।