নিউ ইয়র্ক সিটিসহ ৩ স্টেইটে ভারী তুষারপাতের পূর্বাভাস, সতর্কতা জারি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৫ ২০২৫, ১৯:৫৩

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ভবন। ছবি: ওয়েবসাইট

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ভবন। ছবি: ওয়েবসাইট

  • 0

আবহাওয়া অধিদপ্তরের কর্তৃপক্ষ জানায়, শীতকালীন ঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময়ের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে এ মৌসুমের সর্বোচ্চ তুষার ঝড় ঘটতে পারে।

নিউ ইয়র্ক সিটি, উত্তর নিউ জার্সি ও দক্ষিণ কানেকটিকাটে ভারী তুষারপাত ও বরফ বৃষ্টিসহ শীতকালীন ঝড়ের সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শীতকালীন ঝড়ের আশঙ্কায় ইতোমধ্যে উইন্টার স্টর্ম ওয়াচ জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস-এনডব্লিউএস ।

এনডব্লিউএস জানায়, শীতকালীন ঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে।

এ সময়ের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে এ মৌসুমের সর্বোচ্চ তুষার ঝড় ঘটতে পারে। যার ফলে সড়কে ঘণ্টায় এক ইঞ্চি পরিমাণ তুষার জমতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউ ইয়র্কের ক্যাটসকিলস, হাডসন ভ্যালী ও পেনসিলভানিয়ার পোকোনোস ও উত্তর নিউ জার্সিতে ৮ ইঞ্চির বেশি তুষার জমতে পারে।

দক্ষিণ নিউ জার্সিতে তুষারপাতের পরিমাণ কম হলেও বরফ বৃষ্টি দেখা যেতে পারে।

তবে পূর্ব লং আইল্যান্ড ও পূর্ব কানেকটিকাটে শুষ্ক বাতাস থাকায় তুষারপাত ও শৈট প্রবাহের প্রভাব তুলনামূলক কম থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমন অবস্থায় সড়ক পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কথা জানিয়ে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ভ্রমণ সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট।

একই সঙ্গে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও সিটি মেয়র এরিক অ্যাডামস জরুরি প্রয়োজনে ভ্রমণে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন।