লং আইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নাসাউ কাউন্টির পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত চালক ম্যাথিউ স্মিথের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, সর্বশেষ স্মিথের বিরুদ্ধে ১৯টি অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো অত্যাধিক অ্যালকোহল পান করে গাড়ি চালিয়ে হত্যা।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, স্মিথ কর্তৃক নিহত নারী পুলিশ হলেন প্যাট্রিসিয়া এস্পিনোসা(৪২)। ২০১৯ সালে লেক গ্রোভ এলাকায় অফডিউটি থাকাকালীন সময়ে তিনি নিহত হন।
ঘটনার দিন এস্পিনোসা একটি আলফা রোমিও মডেলের গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে স্মিথ আলেকজান্ডার অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময় সিগন্যাল অমান্য করে গাড়িটিকে ধাক্কা দেয়।
ওই ঘটনায় এস্পিনোসা ছাড়াও স্মিথ ও তার এক সহযাত্রী আহত হন।
সঙ্গে সঙ্গে স্মিথসহ গুরুতর আহত দুজনকে স্টোনি ব্রুক ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক এস্পিনোসাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর সাফোক কাউন্টি পুলিশ সন্দেহভাজন হিসেবে স্মিথকে গ্রেপ্তার করে। কর্মকর্তারা জানান, সন্দেহভাজন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
স্মিথের বিরুদ্ধে যানবাহনজনিত হামলা, হত্যাকাণ্ড, মদ পান করে গাড়ি চালানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে তাকে ৮ থেকে ২৫ বছর কারাদণ্ড দেওয়া হতে পারে।