ইআরএল আধুনিকায়নে ৩৫ হাজার ৪৬৫ কোটি টাকার প্রকল্প

বাসস

প্রকাশিত: ডিসেম্বর ২৩ ২০২৫, ১৪:১৪ হালনাগাদ: মার্চ ১১ ২০২৬, ৭:২৩

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এলাকা। ছবি: ইআরএল

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এলাকা। ছবি: ইআরএল

  • 0

প্রকল্পের আওতায় সাইট প্রস্তুতি, বিস্তারিত প্রকৌশল নকশা, ক্রয় ও নির্মাণসহ সিভিল ও মেকানিক্যাল কাজের বাস্তবায়ন করা হবে। সম্প্রসারণের অংশ হিসেবে ২০টি প্রসেসিং ইউনিট এবং ১৮টি ইউটিলিটি ও অফ-সাইট ইউনিট স্থাপন করা হবে।

দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন বৃদ্ধি এবং পরিশোধিত জ্বালানি আমদানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণে বড় উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করবে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের আওতাভুক্ত এই প্রকল্পটি চট্টগ্রাম জেলার চট্টগ্রাম সিটি করপোরেশনের পতেঙ্গা এলাকায় বাস্তবায়িত হবে।

প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার ৪৬৫ কোটি ১৫ লাখ টাকা, যার মধ্যে ২১ হাজার ২৭৭ কোটি ৫৯ লাখ টাকা সরকারি ঋণ হিসেবে আসবে। ১৪ হাজার ১৮৭ কোটি ৫৬ লাখ টাকা ইআরএলের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০৩০ সালের নভেম্বর পর্যন্ত।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, প্রকল্পটির প্রধান লক্ষ্য জাতীয় জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত করা, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পেট্রোলিয়াম পণ্য উৎপাদন এবং পরিশোধিত জ্বালানি আমদানির ওপর দেশের উচ্চ নির্ভরতা হ্রাস করা।

প্রকল্পের আওতায় সাইট প্রস্তুতি, বিস্তারিত প্রকৌশল নকশা, ক্রয় ও নির্মাণসহ সিভিল ও মেকানিক্যাল কাজের বাস্তবায়ন করা হবে। সম্প্রসারণের অংশ হিসেবে ২০টি প্রসেসিং ইউনিট এবং ১৮টি ইউটিলিটি ও অফ-সাইট ইউনিট স্থাপন করা হবে।

এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে বিদ্যুৎ সংযোগ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে গ্যাস সংযোগ, ড্রেনেজ অবকাঠামো নির্মাণ এবং কম্পিউটার, অফিস সরঞ্জামসহ অন্যান্য সহায়ক সামগ্রী সংগ্রহ করা হবে।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বর্তমান অপরিশোধিত তেল পরিশোধন সক্ষমতা বছরে ১৫ লাখ মেট্রিক টন। বর্তমানে ইআরএল দেশের মোট পেট্রোলিয়াম পণ্যের চাহিদার মাত্র ২০ শতাংশ পূরণ করতে পারে, বাকি চাহিদা আমদানির মাধ্যমে মেটানো হয়। ফলে পরিশোধিত জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।