রয়টার্সের খবর
স্পেস কমান্ড সদরদপ্তর সরাচ্ছেন ট্রাম্প, প্রকাশ হয়নি কারণ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২ ২০২৫, ১৮:৪০

কলোরাডোর বাকলি বিমান বাহিনী ঘাঁটির ২০১২ সালের ২৫ এপ্রিল তোলা ছবিতে বাহিনীটির কমান্ডের আগাম সতর্কবার্তা ব্যবস্থা। ছবি: রয়টার্স

কলোরাডোর বাকলি বিমান বাহিনী ঘাঁটির ২০১২ সালের ২৫ এপ্রিল তোলা ছবিতে বাহিনীটির কমান্ডের আগাম সতর্কবার্তা ব্যবস্থা। ছবি: রয়টার্স

  • 0

প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের পাবলিক অ্যাফেয়ার্স ওয়েবসাইট শুরুতে জানায়, বেলা দুইটায় স্পেস কমান্ড সদরদপ্তর নিয়ে ঘোষণা দিতে পারেন ট্রাম্প। যদিও কথাগুলো পরবর্তী সময়ে সাইট থেকে মুছে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ডিফেন্স ডিপার্টমেন্টের অধীন স্পেস কমান্ড সদরদপ্তর কলোরাডোর কলোরাডো স্প্রিংস থেকে সরিয়ে অ্যালাবামার হান্টসভিলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

অ্যামেরিকার একজন কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে পরিচিত এক ব্যক্তি বার্তা সংস্থাটিকে এ তথ্য জানান।

তারা জানান, সদরদপ্তর স্থানান্তরের এ ঘোষণা মঙ্গলবারেও আসতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার তিনবারের চেষ্টায় বিপুল সমর্থন দেওয়া স্টেইট অ্যালাবামার প্রতি পুরস্কার এবং সমর্থন না দেওয়ার কলোরোডোর প্রতি শাস্তির বহিঃপ্রকাশ হতে পারে স্পেস কমান্ড সদরদপ্তর স্থানান্তর। যদিও স্থানান্তরের কোনো কারণ প্রকাশ করেনি প্রশাসন।

প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের পাবলিক অ্যাফেয়ার্স ওয়েবসাইট শুরুতে জানায়, বেলা দুইটায় স্পেস কমান্ড সদরদপ্তর নিয়ে ঘোষণা দিতে পারেন ট্রাম্প। যদিও কথাগুলো পরবর্তী সময়ে সাইট থেকে মুছে দেওয়া হয়েছে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় ২০২৩ সালে সামরিক বাহিনীর সর্বশেষ কমান্ড সেন্টারটির স্থায়ী সদরদপ্তর হিসেবে ঠিক করা হয় কলোরাডো স্প্রিংসকে। সে সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

বর্তমানে স্পেস কমান্ডের অন্তর্বর্তীকালীন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে কলোরাডো স্প্রিংসের পিটারসন স্পেস ফোর্স ঘাঁটি থেকে।

কংগ্রেসের নথিপত্র অনুযায়ী, স্পেস কমান্ডে কাজ করেন প্রায় ১ হাজার ৭০০ সেনা।