কোনো প্রতিষ্ঠানে একজন ব্যক্তিই যে অপরিহার্য, এমনটা সাধারণত মনে করা হয় না। কিন্তু বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ক্ষেত্রে বিষয়টি কিছুটা ভিন্ন। বিতর্ক ও নানা অভিযোগের মুখে পড়ার পরও কীভাবে অল্প সময়ের মধ্যে নিজের পদে ফিরে এলেন তিনি? আর তাঁর নেতৃত্বে ফেরার ঘটনা দেখিয়েছে, করপোরেট জগতে কিছু মানুষের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিবিসির প্রযুক্তি ও এআই সম্পাদক জো ক্লেইনম্যানের বিশ্লেষণে উঠে এসেছে, এনভিডিয়ায় হুয়াংয়ের অবস্থান কতটা শক্তিশালী এবং কেন তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়টি এত সহজ নয়। সাধারণভাবে যেখানে কোনো প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীকে অপরিহার্য মনে করা হয়না কিন্তু এনভিডিয়ার ক্ষেত্রে হুয়াং যেন সেই ধারণার ব্যতিক্রম।
চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে—এমন এক নারীর সঙ্গে কথিত সম্পর্কের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর হুয়াংয়ের পদত্যাগের বিষয়টি সামনে আসে। পাশাপাশি অ্যামেরিকার রপ্তানি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার প্রযুক্তি চীনে পাচারের সম্ভাবনা নিয়েও উদ্বেগ তৈরি হয়।
তবে পদত্যাগের বিষয়টি বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক দিনের মধ্যেই কোম্পানির পরিচালনা পর্ষদ তাঁকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনে। তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্মী ও সমর্থকেরা। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও তাঁর ফিরে আসার পক্ষে সমর্থন জানান।
হুয়াংয়ের অবস্থান এতটা শক্তিশালী হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পে এনভিডিয়ার আধিপত্য। প্রতিষ্ঠানটির তৈরি উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) বিশ্বের বিভিন্ন এআই প্রযুক্তি তৈরি ও পরিচালনায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
টানা ৩৩ বছর ধরে এনভিডিয়ার নেতৃত্ব দিচ্ছেন হুয়াং। প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবসায়িক সম্প্রসারণে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রকৌশলগত জ্ঞান, দীর্ঘ অভিজ্ঞতা এবং সরাসরি নেতৃত্ব দেওয়ার ধরন তাঁকে প্রতিষ্ঠানের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে।
কর্মীদের কাছে কঠোর ব্যবস্থাপক হিসেবে পরিচিত হুয়াং উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ এবং প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার জন্যও পরিচিত। তাঁর ট্রেডমার্ক কালো চামড়ার জ্যাকেটও তাঁকে প্রযুক্তি বিশ্বের পরিচিত মুখে পরিণত করেছে। রাজনীতি ও ব্যবসা—দুই ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও রয়েছে তাঁর যোগাযোগ।
এদিকে, তাঁর পদত্যাগ ঘিরে অনিশ্চয়তার সময় এনভিডিয়ার বাজারমূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার কমে গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুনরায় দায়িত্ব গ্রহণের ঘোষণার পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য আবারও ঘুরে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের প্রত্যাবর্তন শুধু একজন প্রধান নির্বাহীর পদে ফেরার ঘটনা নয়; বরং এটি বৈশ্বিক প্রযুক্তি শিল্পে এনভিডিয়ার গুরুত্ব এবং প্রতিষ্ঠানটির ওপর তাঁর ব্যক্তিগত প্রভাবেরও প্রতিফলন।
এই ঘটনা করপোরেট জগতে জবাবদিহি ও নেতৃত্বের ভূমিকা নিয়েও নতুন প্রশ্ন সামনে এনেছে—কোনো প্রতিষ্ঠানের জন্য একজন শীর্ষ নির্বাহী কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলে বিতর্কের মধ্যেও তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।