প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে অ্যামেরিকা আসছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামেলিয়া।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, আগামী ২৭ এপ্রিল তারা অ্যামেরিকা পৌঁছাবেন। সফর চলাকালীন তারা নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও ওয়াশিংটন, ডি.সি. ভ্রমণ করবেন।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, এই সফরে হোয়াইট হাউসে একটি স্টেট ডিনার তথা আনুষ্ঠানিক নৈশভোজ এবং অ্যামেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনে অংশ নেবেন রাজা ও রানি।
বাকিংহাম প্যালেস বিবৃতিতে জানায়, এই সফর দুই দেশের দীর্ঘদিনের ইতিহাস, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরদার করার সুযোগ তৈরি করবে।
ওয়াশিংটন সফরের সময় রাজা চার্লস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা, সামরিক কুচকাওয়াজ এবং একটি স্টেট ডিনারের আয়োজন থাকবে।
সেইসঙ্গে রাজা চার্লস কংগ্রেসে ভাষণ দেবেন, যা কোনো ব্রিটিশ সম্রাটের ক্ষেত্রে বিরল ঘটনা। এর আগে তিন দশকের বেশি আগে তার মা প্রয়াত দ্বিতীয় রানি এলিজাবেথ কংগ্রেসে ভাষণ দিয়েছিলেন।
নিউ ইয়র্ক সফরে রাজা ও রানি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে নিহতদের পরিবার ও উদ্ধারকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।পাশাপাশি সাহিত্য, খাদ্য নিরাপত্তা ও দুই দেশের সৃজনশীল ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তারা।
ভার্জিনিয়া সফরে তারা একটি জাতীয় উদ্যান পরিদর্শন করবেন এবং ঘোড়দৌড়কেন্দ্রিক একটি খামার ঘুরে দেখবেন। এছাড়া অ্যাপালাচিয়ান অঞ্চলের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করার কথাও রয়েছে তাদের কর্মসূচিতে।
২০১৮ সালের পর এই প্রথম অ্যামেরিকা সফরে যাচ্ছেন রাজা চার্লস। ওই সময় তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শেষকৃত্যে অংশ নিতে অ্যামেরিকা গিয়েছিলেন।