বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
সচিবালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকাল মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ তথ্য জানান।
সচিব বলেন, ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ ছাড়া আগামীকাল (৩১ ডিসেম্বর) সরকারি ছুটি। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন-কাফনের ব্যবস্থা করা হবে। সংসদ ভবন প্লাজায় তার জানাজা হবে। শহিদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের মাজারের ওখানেই তাকে দাফন করা হবে।
তিনি বলেন, তার মরদেহ এখন এভারকেয়ার হাসপাতালে থাকবে। সেখানে যে সকল প্রস্তুতিমূলক কাজ হওয়া দরকার সেগুলো হবে। এরপর কাল সকালে সেখান থেকে রওনা দিয়ে জাতীয় সংসদে নেওয়া হবে। মূল রাস্তা দিয়েই তার মরদেহ সেখানে নেওয়ার চিন্তা-ভাবনা আছে। সে জন্য হয়তো একটু বেশি সময় লাগবে।