এডুকেশন ডিপার্টমেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বৃহস্পতিবার আটকে দিয়েছেন ফেডারেল এক বিচারক।
গণছাঁটাইয়ের শিকার হওয়া কর্মীদের পুনর্বহালের আদেশও দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন স্টেইট, স্কুল ডিস্ট্রিক্ট ও শিক্ষকদের ইউনিয়নের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপের আবেদনের পরিপ্রেক্ষিতে বোস্টনে ইউএস ডিস্ট্রিক্ট জাজ মিয়ং জুন এডুকেশন ডিপার্টমেন্টের এক হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেন।
আদেশ দেওয়া বিচারক জুন নিয়োগ পেয়েছিলেন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের আমলে।
এডুকেশন ডিপার্টমেন্টে গণছাঁটাই নিয়ে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবীদের যুক্তি হলো পুরো ডিপার্টমেন্ট বন্ধ করে দিতে এ ধরনের চাকরিচ্যুতি করা হয়নি।
তাদের ভাষ্য, গণছাঁটাইয়ের মাধ্যমে বৈধভাবে আমলাতন্ত্রের পরিসর কমিয়ে প্রতিষ্ঠানের বিধিবদ্ধ উদ্দেশ্য আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।
ভিন্নমত জানিয়ে বিচারক জুন তার আদেশে লিখেন, গণছাঁটাইয়ের ফল হচ্ছে উল্টো। ব্যাপকভাবে কর্মী কমে যাওয়ায় এডুকেশন ডিপার্টমেন্টের জন্য বিধিবদ্ধ উদ্দেশ্য পূরণ অসম্ভব হয়ে পড়েছে।
তিনি আরও লিখেন, এডুকেশন ডিপার্টমেন্টের কর্মীদের অব্যাহত ছাঁটাইয়ের মধ্যে বিচারকদের চোখ বন্ধ রাখতে বলা যাবে না।
বিচারক এডুকেশন ডিপার্টমেন্টের ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের আদেশেই থেমে থাকেননি। তিনি শিক্ষার্থীদের ঋণ ও বিশেষ প্রয়োজনে সহায়তা কর্মসূচি অন্য ফেডারেল সংস্থাগুলোতে স্থানান্তরে ট্রাম্প গত ২১ মার্চ যে নির্দেশনা দেন, সেটিও আটকে দেন।