নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির একাধিক ভোটকেন্দ্রের ভোটিং মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা গেছে। ফলে মেশিনগুলো কাগজের ব্যালট স্ক্যান করতে পারছে না বলে অভিযোগ করেছেন ভোটাররা।
এনবিসি নিউজ জানায়, নিউ রোশেল, নর্থ সালেম ও অসিনিংয়ের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে এ সমস্যার খবর পাওয়া গেছে। অসিনিংয়ের সেন্ট পলস চার্চের ভোটকেন্দ্রে ভোটাররা জানিয়েছেন, মেশিন কোনো ব্যালটই গ্রহণ করছিল না। পরে গণনার জন্য ব্যালটগুলো কমলা রঙের একটি বিশেষ ব্যাগে রাখা হয়।
এ ঘটনায় প্রথমে এক বিবৃতিতে ওয়েস্টচেস্টার কাউন্টির নির্বাচন বোর্ড (বিওই) ভোট গ্রহণে এ সমস্যার জন্য ব্যালট পেপারের পুরুত্বকে দায়ী করেছিল। তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিবৃতিটি সংশোধন করে ‘পুরুত্ব’ শব্দটি বাদ দেয় সংস্থাটি।
সংশোধিত বিবৃতিতে বলা হয়, কাগজের ব্যালটসংক্রান্ত সমস্যার কারণে কাউন্টির বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট গ্রহণের মেশিনগুলো ব্যালট গ্রহণ করতে পারছে না। এ সমস্যা সমাধানে নিউ ইয়র্কের কর্মকর্তা, কাউন্টি প্রশাসন ও ভোটকেন্দ্রের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে নির্বাচন বোর্ড।
বোর্ড জানায়, ভোট কর্মীদের নির্দেশনা অনুযায়ী কাগজের ব্যালটে ভোট দেওয়া চালিয়ে যেতে হবে। ব্যালট মেশিনে প্রবেশ না করলে এসব ব্যালট নির্ধারিত কমলা রঙের জরুরি ব্যালট ব্যাগে নিরাপদে সংরক্ষণ করা হবে। পরে নির্বাচনী বিধি অনুযায়ী সেগুলো গণনা করা হবে।
ভোটারদের সারিতে অপেক্ষা করে ধৈর্য ধরে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন বোর্ড। সংস্থাটি বলেছে, প্রত্যেক যোগ্য ভোটারের ভোট গণনা করা হবে। যান্ত্রিক সমস্যার কারণে কেউ যেন ভোট দেওয়া থেকে বিরত না থাকেন।
এদিকে ভোটকেন্দ্রে উদ্ভূত এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল। ভোট গ্রহণে বিঘ্ন ঘটায় ভোটার ও কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ওয়েস্টচেস্টার কাউন্টির নির্বাচন বোর্ড।