স্যান ডিয়েগোর মসজিদে হামলার ভিডিও ছড়ান সন্দেহভাজন নিজেই

টিবিএন ডেস্ক
প্রকাশিত: মে ১৯ ২০২৬, ২১:৫৬

ঘেরাও দেওয়া হামলার ঘটনাস্থল।
- 0
সোমবার স্থানীয় সময় দুপুরের আগে ঘটে যাওয়া এ হামলায় তিনজন নিহত হন।
ক্যালিফোর্নিয়া স্টেইটের স্যান ডিয়েগোতে ইসলামিক সেন্টারের মসজিদে হামলার ঘটনায় অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ভিডিওটি হামলায় জড়িত সন্দেহভাজনদের একজন ধারণ ও অনলাইনে প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার স্থানীয় সময় দুপুরের আগে ঘটে যাওয়া এ হামলায় তিনজন নিহত হন। নিহতদের একজন কেন্দ্রটির নিরাপত্তারক্ষী ছিলেন। তদন্তকারীরা ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছেন।
পুলিশ জানিয়েছে, হামলার পর কাছাকাছি একটি গাড়ি থেকে ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, তারাই হামলার সঙ্গে জড়িত।
এবিসি নিউজের খবরে সন্দেহভাজন দুজনের নাম কেইন ক্লার্ক ও ক্যালেব ভ্যাজকুয়েজ বলে উল্লেখ করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ইসলামিক সেন্টারের দিকে এগিয়ে গিয়ে গুলি চালাচ্ছে।
ভিডিওতে এক সন্দেহভাজনকে সামরিক ধাঁচের পোশাক ও সুরক্ষাবর্ম পরা অবস্থায় দেখা যায়।
ভিডিওর পরের অংশে ওই ব্যক্তিকে গাড়ির পেছনের আসনে থাকা আরেকজনকে গুলি করতে এবং পরে নিজেকেও গুলি করতে দেখা গেছে বলে সূত্রগুলোর দাবি।
তদন্তকারীরা বলছেন, ঘটনাস্থল ও ভিডিওতে নব্য-নাৎসি মতাদর্শের বিভিন্ন প্রতীক পাওয়া গেছে।
এর মধ্যে ‘সোনেনরাড’ নামে পরিচিত একটি প্রতীক, এসএস বাহিনীর চিহ্ন ও উগ্র সহিংস চরমপন্থার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন চিহ্ন রয়েছে।
এছাড়া সন্দেহভাজনদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও সহিংস উগ্রবাদী মতাদর্শের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে সূত্রগুলো।
পুলিশ ও ফেডারেল তদন্তকারীরা এখন হামলার উদ্দেশ্য এবং সম্ভাব্য চরমপন্থী সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন।

